/indian-express-bangla/media/media_files/2026/02/02/mamata-banerjee-supreme-court-election-commission-sir-west-bengal-2026-02-02-10-01-49.jpg)
'বঙ্গে SIR-এর নাম প্রহসন' কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা
West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন (ECI) এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারি গভীর রাতে আবেদন জমা পড়ে।
উল্লেখ্য, একই দিন SIR সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আর বাড়ানো হবে না। এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই আইনি পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিকেলেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নিয়ে দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি SIR প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
মমতা বলেন, “ওরা জানে বাংলায় হার নিশ্চিত। তাই SIR-এর আশ্রয় নিচ্ছে। যদি সাহস থাকে, তাহলে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে লড়ুক, নির্বাচন কমিশন বা বিভিন্ন এজেন্সিকে ব্যবহার না করে।” তাঁর দাবি, দেশের অন্য রাজ্যেও এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত হয়েছে।
আরও পড়ুন- "জেল নয়, জরিমানা!" কর ফাঁকিতে বড় স্বস্তি দিলেন নির্মলা, ১ এপ্রিল থেকে নতুন আইন
প্রসঙ্গত, প্রায় এক মাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তিনি ‘একজন সাধারণ নাগরিক’ হিসেবেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর মেলায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন এবং সেখানে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুমতি চাইবেন।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমি আইনজীবী হলেও আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেই যাব। তৃণমূল স্তরে কী ঘটছে, মানুষ কীভাবে হয়রানির শিকার হচ্ছে, তা স্পষ্টভাবে তুলে ধরব। বিজেপি যতই চেষ্টা করুক, সফল হবে না।”
এখনও পর্যন্ত SIR প্রক্রিয়াকে ‘প্রহসন’ এবং সাধারণ মানুষের হয়রানি বলে উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনারকে ছটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us