/indian-express-bangla/media/media_files/2026/01/31/aishwarya-rajesh-2026-01-31-17-58-07.jpg)
যৌন হেনস্থার কথা শেয়ার করলেন ঐশ্বর্য
ঝলমলে পর্দা, ক্যামেরার ফ্ল্যাশ আর সাফল্যের আড়ালের এক ভয়ংকর ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী ঐশ্বর্য রাজেশ (Aishwarya Rajesh)। অভিনয় দক্ষতা দিয়ে তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ছবিতে নিজের জায়গা পাকা করেছেন ঐশ্বর্য। সম্প্রতি তিনি একেবারে শুরুর দিকে যৌন হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে বিনোদন দুনিয়াকে নাড়িয়ে দিলেন। সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলে ঐশ্বর্য জানালেন, কয়েক মিনিটের ঘটা একটি ঘটনার স্মৃতি আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়।
ঐশ্বর্য জানান, তখন তিনি খুবই কম বয়সী এবং অভিনয় জগতে একেবারেই নতুন। একটি ফটোশুটের জন্য তিনি তাঁর ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। অভিনেত্রীর কথায়, ফটোগ্রাফার তাঁর ভাইকে বাইরে বসতে বলেন এবং তাঁকে একা ঘরের ভেতরে ডেকে নেন।
এরপর যা ঘটে, তা ছিল চরম আপত্তিকর ও মানসিকভাবে আঘাত দেওয়ার মতো। ঐশ্বর্য বলেন, ফটোগ্রাফার তাঁকে লিঞ্জারি হাতে দিয়ে বলেন, “আমি তোমার শরীর দেখতে চাই।” এই মন্তব্যে তিনি স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন। পুরো ঘটনাটি তাঁকে ভীষণভাবে বিপর্যস্ত করে তোলে।
আরও পড়ুন: আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়
অভিনেত্রী জানান, সেই সময় তিনি বুঝতেই পারেননি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। বয়স কম, অভিজ্ঞতার অভাব এবং ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার চাপ, সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে পরে তিনি সাহস সঞ্চয় করে সেখান থেকে বেরিয়ে আসেন এবং বিষয়টি পরিবারকে জানান।
আরও পড়ুন: নীরবতা কথা বলে না সবসময়, বিজয় সেতুপতির ‘গান্ধী টকস’ কেমন হল ?
এই অভিজ্ঞতা শেয়ার করে ঐশ্বর্য রাজেশ শুধু নিজের কথাই বলেননি, বরং ইন্ডাস্ট্রির অন্ধকার দিকও সামনে এনেছেন। তাঁর মতে, বহু নতুন অভিনেত্রীই কেরিয়ারের শুরুতে এমন পরিস্থিতির মুখোমুখি হন, কিন্তু অনেকেই ভয় বা লজ্জার কারণে মুখ খোলেন না।
আজ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে ঐশ্বর্য মনে করেন, এই ধরনের ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলা অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন অন্যদের সাহস জোগায়, তেমনই ইন্ডাস্ট্রির ভেতরে থাকা খারাপ মানসিকতার বিরুদ্ধেও প্রতিবাদ গড়ে ওঠে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us