/indian-express-bangla/media/media_files/2025/02/23/lGdEDB5vDHGSNQ1eEL1H.jpg)
Ajith Kumar News: কেমন আছেন অজিত? Photograph: (Instagram)
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই অস্থির পরিস্থিতির মধ্যেই, দুবাইয়ে অবস্থানরত একাধিক ভারতীয় তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রখ্যাত অভিনেতা-পরিচালক আর মাধবন তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার একদিন পরেই, তামিল সুপারস্টার অজিত কুমার- এর দলও জানিয়েছে, তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।
রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে, সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন অজিত। নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর চেন্নাইয়ে ফেরার কথা থাকলেও, বিমান চলাচল স্থগিত হওয়ায় তিনি দুবাইতেই আটকে পড়েন। বিষয়টি নিয়ে তাঁর ম্যানেজার সংবাদমাধ্যমকে জানান, “গতকাল তাঁর (অজিতের) যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে। তিনি এখন দুবাইতে নিরাপদে আছেন।” এই আশ্বাসে ভক্তদের উদ্বেগ কিছুটা হলেও কমেছে।
সিটি অফ জয়ে টি২০ জ্বর, কিন্তু কোথায় টলিউড তারকারা?
তামিল সিনেমার অন্যতম বড় তারকা হওয়ার পাশাপাশি, অজিত একজন পেশাদার রেসিং ড্রাইভারও। সম্প্রতি তিনি প্রাক্তন ফর্মুলা ওয়ান চালক নারায়ণ কার্তিকেয়ান–এর সঙ্গে ২০২৫-২৬ এশিয়ান লে ম্যান্স সিরিজে অংশ নিয়েছেন। জানা গেছে, তাঁরা ২০২৬ মিশেলিন লে ম্যান্স কাপে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছেন। অভিনয় ও মোটরস্পোর্টস- দুই জগতেই সমান দক্ষতায় নিজেকে প্রমাণ করে চলেছেন অজিত।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিবার, কাজ ও রেসিংয়ের মধ্যে ভারসাম্য রক্ষার প্রসঙ্গে তিনি আবেগঘন মন্তব্য করেন। তাঁর কথায়, “শালিনী অনেক কিছু সামলাচ্ছেন। ওর সমর্থন না থাকলে আমি এই সব করতে পারতাম না। আমি যখন বাইরে থাকি, তখন বাড়ি আর বাচ্চাদের দেখাশোনা করা শুধু আমার ত্যাগ নয়। বাচ্চারা আমাকে খুব কমই দেখতে পায়, আর আমিও ওদের ততটাই মিস করি। কিন্তু যখন আপনি কোনও কিছুকে সত্যিই ভালোবাসেন, তখন ত্যাগ স্বীকার করতেই হয়।”
Vijay-Rashmika: দেশের ১৬ মন্দিরে অন্নদানমের আয়োজন নবদম্পতি বিজয়-রশ্মিকার, বাদ পড়ল বাংলা?
অজিত ছাড়াও দুবাইয়ে বর্তমানে আটকে রয়েছেন আরও কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে আছেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও তাঁর সন্তান। পরিস্থিতি নিয়ে শুভশ্রীর স্বামী, চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা-রাজনীতিবিদ রাজ চক্রবর্তী জানান, “ওরা একটি হোটেলের ভিতরে এবং নিরাপদে আছে। আমরা উদ্বিগ্ন বটে, তবে জানা যাচ্ছে দুবাইয়ে বেসামরিক নাগরিকরা নিরাপদে রয়েছেন। এখন দেখার, কবে বিমান চলাচল স্বাভাবিক হয়।” এছাড়াও অভিনেত্রী সোনাল চৌহান এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও একই পরিস্থিতির মুখোমুখি।
মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত খবরে উদ্বেগ বাড়লেও, আপাতত তাঁদের সকলের সুস্থ ও নিরাপদ থাকার খবরই স্বস্তির বার্তা দিচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us