/indian-express-bangla/media/media_files/2026/02/03/amir-khan-arijit-singh-2026-02-03-12-33-54.jpg)
আমিরের সফর ঘিরে জল্পনা তুঙ্গে
রবিবার রাতে হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে দেখা মেলে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের (Aamir khan)। কোনও রকম প্রচার বা আনুষ্ঠানিকতা ছাড়াই বাংলায় পা রাখেন তিনি। এই ঝটিকা সফর ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, কলকাতায় পৌঁছানোর পর সড়কপথে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে চলে যান আমির খান। সেখানেই সঙ্গীতশিল্পী অরিজিত সিংয়ের বাড়িতে তাঁর উপস্থিতি নজর কাড়ে। ধূসর টি-শার্ট, কালো লেদার জ্যাকেট, জলপাই রঙের ট্রাউজার ও কালো ফ্রেমের চশমায় একেবারে সাদামাটা লুকে দেখা যায় তাঁকে। সোমবার সকাল থেকেই অরিজিতের বাড়িতে সময় কাটান আমির।
অরিজিৎ সিং (Arijit singh) প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর পরপরই সঙ্গীতজগতে বিশেষ আলোড়ন পড়ে গিয়েছে। সেই প্রেক্ষাপটেই আমির খানের এই সফর ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকে মনে করছেন, কোনও বড় মিউজিক্যাল প্রোজেক্ট বা ছবির কাজ নিয়ে আলোচনা হতেই পারে এই বৈঠকে। যদিও আমির বা অরিজিৎ কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন:‘আমি জানি কেন আরিজিৎ সিং প্লেব্যাক ছাড়ছেন’, পলাশ সেনের বিস্ফোরক দাবি!
সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়। যা উপস্থিত ভক্তদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ও মনকাড়া দৃশ্য। এই মুহূর্ত অনেকের মনে করিয়ে দিচ্ছে ২০০৯ সালের সেই স্মৃতি, যখন আমির কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সময় কাটিয়েছিলেন।
আরও পড়ুন: ‘ওসিডি’ নিয়ে কী বললেন জয়া আহসান? সৌকর্য ঘোষালের নতুন ছবিতে চমক!
সূত্র অনুযায়ী, আমির খান বুধবার পর্যন্ত মুর্শিদাবাদে থাকবেন এবং এই সময়ের মধ্যেই তিনি নতুন ছবির পরিকল্পনা নিয়ে একাধিক বৈঠক সারতে পারেন। বাংলা বা বাংলার কোনও শিল্পীকে যুক্ত করে নতুন কোনও কাজের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহল।
অরিজিৎ সিং দীর্ঘদিন ধরেই বলিউড ও ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী। টানা প্রায় ১৫ বছর ধরে হিন্দি, বাংলা-সহ নানা ভাষায় অসংখ্য সুপারহিট গান উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন অনুভূতির কণ্ঠস্বর। প্রেম, বিরহ, আশা-নিরাশা মানুষের জীবনের প্রায় সব আবেগই তাঁর সুরে ধরা দিয়েছে। একের পর এক সুপারহিট গান, অসংখ্য পুরস্কার এবং কোটি কোটি অনুরাগী থাকা সত্ত্বেও হঠাৎ তাঁর প্লেব্যাক অবসরের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই সিধান্তের পর গায়কের জিয়াগঞ্জের বাড়িতে তড়িঘড়ি ছুটে এসেছেন আমির খান, তা ঘিরে চলছে জোর চর্চা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us