/indian-express-bangla/media/media_files/2025/02/04/8CawZBHLXrxiVWtIWQxL.jpg)
কী বলছেন অভিনেতা...
২০২৫ সালটি শাহরুখ খান-পুত্র আরিয়ান খানের কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। বহু প্রতীক্ষিত সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর সিরিজটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং কয়েক সপ্তাহ ধরে প্ল্যাটফর্মের টপ ১০ তালিকায় স্থান করে নেয়। শাহরুখ খান থেকে শুরু করে শালিনী পাসি- একাধিক বলিউড ক্যামিওতে ভরপুর এই সিরিজ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। লক্ষ্য লালওয়ানি সিরিজটির মুখ্য চরিত্রে অভিনয় করলেও, রাঘব জুয়াল এবং মনোজ পাহওয়ার অভিনয় দর্শকমহলে বিশেষ প্রশংসা পেয়েছে।
তবে এই সিরিজে মনোজ পাহওয়ার যোগদান এতটা সহজ ছিল না। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, প্রথমে তিনি এই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন। প্রথম কথোপকথনের প্রসঙ্গে মনোজ বলেন, “আরিয়ান আমাকে এমন কিছু করতে বলেছিল যা আমি আগে কখনও করিনি। এই চরিত্রের জন্য আমি কোনো অডিশন দিইনি। সে সরাসরি ফোন করে বলেছিল, সে আমাকে এই চরিত্রে চায়। আমি প্রথমে তাকে না করে দিই।”
Dev: বিয়েবাড়িতে দেবকে ঘিরে উন্মাদনা, পায়ে হাত দিয়ে প্রণাম নবদম্পতির
মনোজ জানান, তাঁর দ্বিধার অন্যতম কারণ ছিল স্ক্রিপ্ট না পাওয়া। তিনি বলেন, “আমি স্ক্রিপ্ট চেয়েছিলাম, কিন্তু আমার ম্যানেজার বলেছিল তারা কাউকে স্ক্রিপ্ট দিচ্ছে না। আমি দিল্লির মানুষ, তাই সরাসরি বলেছিলাম— ‘ও হবে শাহরুখের ছেলে। আমিও কিছু কম না।’ শাহরুখের সঙ্গে আমি আগেও কাজ করেছি, কিন্তু ব্যক্তিগত ঘনিষ্ঠতা তেমন ছিল না।”
তবে এক সপ্তাহ পর পরিস্থিতি বদলায়। মনোজ জানান, তাঁর কাছে চারটি আলাদা স্ক্রিপ্ট পাঠানো হয়। স্ক্রিপ্ট পড়েই মত বদলান তিনি। অভিনেতার কথায়, “আমি স্ক্রিপ্ট পড়ে সত্যিই মুগ্ধ হয়ে যাই। পরে যখন তাঁর দলের সঙ্গে দেখা করি, তারা আমাকে অনুরোধ করে এই বিষয়টি গোপন রাখতে, কারণ অন্য কাউকে তারা স্ক্রিপ্ট দেয়নি।”
শুটিং চলাকালীন আরিয়ানের পরিচালনা নিয়ে মনোজ খোলাখুলি প্রশংসা করেন। তিনি বলেন, “আরিয়ান আমাকে অনেক নতুন কিছু করতে বাধ্য করেছিল। কখনও কখনও আমি আপত্তি জানালেও সে বলত, ‘ভাল লাগবে স্যার।’ সে আমাকে এমন সংলাপ বলিয়েছে যা নিয়ে প্রথমে অস্বস্তি ছিল, কিন্তু পরে বুঝেছি সেটাই চরিত্রের জন্য প্রয়োজনীয়।”
অভিনেতা আরও জানান, শেষ পর্যন্ত তিনি কাজের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট। তাঁর কথায়, “আরিয়ান যেভাবে শোটি তৈরি করেছে তাতে আমি খুব খুশি। শোটি জনপ্রিয় হয়েছে, আমাদের যথাযথ সম্মান ও পারিশ্রমিক দেওয়া হয়েছে।” এছাড়াও তিনি শাহরুখ খানের প্রসঙ্গ তুলে বলেন, “শাহরুখ স্যার সেটে অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি মাঝেমধ্যে মজা করে বলতেন, ‘মান্নাতে আসুন, একটু মদ খাই।’”
উল্লেখ্য, সিরিজটিতে মনোজ পাহওয়া লক্ষ্য লালওয়ানির চাচার ভূমিকায় অভিনয় করেছেন- একজন সংগ্রামী সংগীতশিল্পী, যার জীবন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নাটকীয়ভাবে বদলে যায়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us