/indian-express-bangla/media/media_files/2025/09/13/img-20250913-wa0017-2025-09-13-21-25-41.jpg)
অঘোষিত নিষেধাজ্ঞা ভেঙে ন্যাশনাল লাইব্রেরিতে ‘বেঙ্গল ফাইলস’-এর বিশেষ প্রদর্শনী Photograph: (পার্থ পাল)
The Bengal Files: দীর্ঘ বিতর্কের পর অবশেষে কলকাতায় দেখানো হল ‘বেঙ্গল ফাইলস’। ছবি রিলিজের পর থেকে পশ্চিমবঙ্গে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছিল এই ছবিকে। হাইকোর্টের নির্দেশে কড়া নিরাপত্তায় কলকাতায় বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানটি আজ, শনিবার (১৩ সেপ্টেম্বর), বিকেল ৪টায় কলকাতার ন্যাশনাল লাইব্রেরির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনের অডিটোরিয়ামে আয়োজিত হয়। কেবল আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকতে পেরেছিলেন এই বিশেষ প্রিমিয়ার শো-এ।
উপস্থিত ছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী-প্রযোজক পল্লবী যোশী ছাড়াও বিজেপির আরও অন্যান্য কর্মকর্তারা। পরিচালক এবং প্রযোজক দুজনেই ছবির প্রকাশ এবং প্রদর্শনীকে সফল করার জন্য খোলা হাওয়া-কে ধন্যবাদ জানান।
ছবিটির মূল প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতার ডিরেক্ট অ্যাকশন ডে-কে ঘিরে। সাম্প্রদায়িক হিংসার ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এটি অগ্নিহোত্রীর ‘ফাইলস ট্রিলজি’র শেষ চ্যাপ্টার, এর আগের দুটি ছবি দ্য তাশখন্দ ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইলস ছিল। বেঙ্গল ফাইলস রিলিজের আগে থেকে পশ্চিমবঙ্গে ছবিটি বিতর্কের মুখে পড়ে। ফলস্বরূপ মুক্তির পথে একাধিক বাধার সম্মুখীন হয়।
The Bengal Files Day 3: উইকএন্ডেও বক্স অফিসে ধস, প্রথম তিনদিনে কত আয় বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'-র?
প্রথমে শহরের একটি বড় সিনেমা হল চেইন ট্রেলার লঞ্চ বাতিল করে দেয়। এরপর পাঁচতারা হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানের মাঝপথে পুলিশি হস্তক্ষেপে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এই ঘটনাগুলোর কারণে পরিচালক অগ্নিহোত্রী এবং পল্লবী যোশী অভিযোগ করেন, রাজনৈতিক চাপ এবং ভয় দেখানোর মাধ্যমে ছবির ওপর “অঘোষিত নিষেধাজ্ঞা” চালাচ্ছে রাজ্য সরকার। পল্লবী যোশী এই অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদনও করেন।
আজকের প্রদর্শনীর আয়োজন করেছে ‘খোলা হাওয়া’, বিজেপি-ঘনিষ্ঠ একটি সামাজিক-সাংস্কৃতিক মঞ্চ। সংগঠনের সভাপতি ও বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য স্বপন দাশগুপ্ত জানান, প্রিমিয়ারের জন্য প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “এটি একটি ব্যক্তিগত, আমন্ত্রণভিত্তিক প্রদর্শনী, কোনো প্রকাশ্য অনুষ্ঠান নয়। যদি কোনও বাধা আসে, তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
আয়োজকরা উল্লেখ করেছেন, আজকের প্রদর্শনীকে বিশেষ প্রিমিয়ার হিসেবে ধরা হয়েছে, এটি কোনো বাণিজ্যিক মুক্তি নয়। সবকিছু ঠিকঠাকভাবে শেষ হওয়ায়, ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও এ ধরনের বিশেষ প্রদর্শনীর আয়োজন হতে পারে।
উল্লেখ্য, বক্স অফিসে সেভাবে সফল হয়নি বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ‘দ্য বেঙ্গল ফাইলস’। এক সপ্তাহে ছবিটির আয় হয়েছে ১১.২৫ কোটি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। FWICE হলমালিকদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি করেছে। কলকাতায় বিশেষ প্রদর্শনী ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে চলছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us