/indian-express-bangla/media/media_files/2026/02/20/biswanath-basu-on-uttam-das-2026-02-20-16-12-43.jpg)
উত্তম দাসের মৃত্যুতে আবেগঘন বিশ্বনাথ বসু
বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রয়াত বাংলার কৌতুক জগতের এক উজ্জ্বল নক্ষত্র উত্তম দাস (Uttam Das)। কথার জাদু আর সহজ সরল উপস্থাপনার মাধ্যমে যিনি হাজার হাজার মানুষকে হাসির সাগরে ভাসিয়ে রেখেছিলেন, সেই কৌতুক সম্রাটকে হারিয়ে স্তব্ধ অনুরাগী মহল।
আশির দশকে যখন টেপ-রেকর্ডারের রমরমা, তখন তাঁর কণ্ঠস্বরই ছিল বিনোদনের অন্যতম ভরসা। তাঁর কৌতুকের ধরন জীবনের ছোট ছোট মুহূর্তকে মজার মোড়কে তুলে ধরা, এটাই ছিল তাঁর বিশেষত্ব। ফলে ছোট থেকে বড়, সকলেই মুগ্ধ হতেন তাঁর পরিবেশনায়।
খড়দহের এক অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা উত্তম দাসের জীবন ছিল এক অনুপ্রেরণার গল্প। সীমিত সামর্থ্য, অসংখ্য বাধা এসব কিছুকে অতিক্রম করে তিনি প্রমাণ করেছিলেন, সত্যিকারের প্রতিভা থাকলে সাফল্য একদিন না একদিন ধরা দিতেই বাধ্য।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা বিশ্বনাথ বসু (Bishwanath Basu)। তিনি ‘দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ছোটবেলা থেকেই উত্তম দাসের কৌতুক শুনে বড় হয়েছেন। “ক্লাস ফাইভ-সিক্সে পড়ার সময় থেকেই ওঁনার কথা শুনতাম। তখনও চোখে দেখিনি। একটু বড় হয়ে যেখানে শো করতেন, সেখানে পৌঁছে যেতাম। শো শেষ হওয়ার পর অপেক্ষা করতাম একটু কথা বলব বলে।” স্মৃতিচারণায় বলেন বিশ্বনাথ।
তিনি আরও জানান, উত্তম দাস তাঁকে অত্যন্ত স্নেহ করতেন। নিয়মিত শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিতেন। সেই স্নেহভরা কথাগুলোই এখন বারবার কানে বাজছে তাঁর।
আরও পড়ুন: ৪০ মিনিটের জন্য এত পারিশ্রমিক? তরুণজ্যোতির পোস্টে নতুন বিতর্ক
বর্তমান সময়ে বাংলা স্ট্যান্ডআপ কমেডির অবস্থান নিয়েও মুখ খুলেছেন বিশ্বনাথ বসু। তাঁর মতে, পরিকাঠামোগত দিক থেকে বাংলা কমেডি এখনও পিছিয়ে। পাশাপাশি, বর্তমান সময় অত্যন্ত সিরিয়াস, তাই সহজ বিষয়কে হাসির মোড়কে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। তবে তিনি আশাবাদী, নতুন ভাবনায় ও নতুন প্রজেক্টের মাধ্যমে আবারও বাংলা কমেডিকে দর্শকের হৃদয়ে জায়গা করে দেওয়া সম্ভব। অভিনেতা এও জানান, তিনি নিজে বাংলা কমেডি নিয়ে নতুন প্রজেক্ট সামনে আনার চেষ্টায় রয়েছেন।
আরও পড়ুন: ‘তুমি পাশে থাকলে প্রতিটি দিনই হয়ে ওঠে ভালোবাসার নতুন অধ্যায়’, স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রীর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us