/indian-express-bangla/media/media_files/2026/02/21/dev-bike-ambulance-dada-2026-02-21-13-54-43.jpg)
নতুন লুকে চমকে দিলেন দেব!
টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev)-কে একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে। তাঁর আসন্ন ছবি বাইক অ্যাম্বুল্যান্স দাদা-র শুটিং এখন জোরকদমে চলছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়তে তিনি যে সবসময় প্রস্তুত, তা আবারও প্রমাণ করলেন দেব। নিজের লুক পরিবর্তন প্রসঙ্গে অভিনেতা বলেন, তিনি প্রতিটি ছবির জন্যই আলাদা করে প্রস্তুতি নিতে ভালোবাসেন। তবে এই ছবিটি তাঁর কাছে বিশেষ, কারণ এটি এমন এক বাস্তব নায়কের জীবনকাহিনি, যার মানসিকতা, সংগ্রাম এবং মানবিকতার গভীরতা ফুটিয়ে তুলতে হলে চরিত্রের একেবারে কাছাকাছি পৌঁছনো জরুরি। সেই ভাবনা থেকেই এই নতুন লুক।
‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ কেবল একটি সিনেমা নয়, এটি এক অনন্য মানবিক গল্প। ছবিটি অনুপ্রাণিত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক (Karimul Haque)-এর জীবন থেকে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা করিমুল হক দীর্ঘদিন ধরে নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করে প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষদের জরুরি চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। তাঁর এই অসাধারণ উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি পদ্মশ্রী (Padma Shri) সম্মান পান।
আরও পড়ুন: ‘ঈশ্বর জানতেন আমাদের একে অপরের প্রয়োজন’, রাজের জন্মদিনে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা
তাঁর মানবিক যাত্রার সূচনা ব্যক্তিগত বেদনা থেকে। ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ায় করিমুল হক তাঁর মাকে হারান। সেই শোকই পরিণত হয় দৃঢ় সংকল্পে। ১৯৯৮ সাল থেকে তিনি নিজের বাইককে অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করে বিনামূল্যে রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন। দুর্গম রাস্তা, প্রতিকূল আবহাওয়া কিংবা আর্থিক সীমাবদ্ধতা কোন বাধাই তাঁকে থামাতে পারেনি। বছরের পর বছর তিনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর কাজে নিজেকে উৎসর্গ করেছেন।
আরও পড়ুন: উত্তম দাসের মৃত্যুতে আবেগঘন বিশ্বনাথ বসু, বাংলা স্ট্যান্ডআপ কমেডির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অভিনেতা
দেব মনে করেন, এই গল্প শুধু বাংলার নয়, গোটা বিশ্বের জানা উচিত। মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত বিরল। তাই বড় পর্দায় এই অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরা সময়ের দাবি। আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। স্বাধীনতা দিবসের আবহে এক বাস্তব নায়কের এই লড়াই ও মানবিকতার গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা।
আরও পড়ুন: লাখ টাকার লক্ষ্মী লাভ মঞ্চে ‘মন মানে না’ ম্যাজিক! ঋত্বিক-হিয়ার রোম্যান্টিক নাচ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us