/indian-express-bangla/media/media_files/2026/02/10/govinda-2-2026-02-10-16-44-15.jpg)
ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন গোবিন্দ
বলিউড অভিনেতা গোবিন্দকে (Govinda) ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনার স্মৃতি আবারও সামনে এল তাঁর সাম্প্রতিক বক্তব্যে। বহু জল্পনা-কল্পনার পর অবশেষে নিজেই মুখ খুললেন সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে, একদল দুষ্কৃতী তাঁর মুম্বইয়ের বাড়ি ঘিরে ফেলে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক হাতে নিয়ে তাঁদের মুখোমুখি হতে বাধ্য হন অভিনেতা।
গোবিন্দ জানিয়েছেন, ঘটনাটি প্রথমে তাঁর কাছে স্বাভাবিকই মনে হয়েছিল। প্রায় ২২-২৩ জন লোককে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখে তিনি ভেবেছিলেন হয়তো কোনও পার্টি বা অনুষ্ঠানের লোকজন। কিন্তু অচেনা চেহারা ও সন্দেহজনক আচরণ তাঁর মনে সংশয় তৈরি করে। তখনই তিনি সতর্ক হয়ে মোবাইলে তাঁদের ভিডিও ধারণ করতে শুরু করেন।
অভিনেতার দাবি, পরিস্থিতি গুরুতর বুঝে তিনি প্রথমে মুম্বই পুলিশকে ফোন করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে তিনি বাধ্য হয়ে অন্য এক দেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের লাইনে থাকতে বলেন, যাতে অন্তত জরুরি পরিস্থিতিতে কেউ সাক্ষী থাকে। তাঁর এই দাবি স্বাভাবিকভাবেই কৌতূহল ও বিতর্ক দু’টিই উসকে দিয়েছে।
ঘটনার মোড় ঘুরে যায় যখন ওই দল থেকে একজন বাড়ির ছাদে ওঠার চেষ্টা করে। তখনই গোবিন্দ নিশ্চিত হন যে বিষয়টি স্বাভাবিক নয়। তিনি জানান, ‘ওরা আমাকে ঘিরে ফেলছিল। আমি সবার সঙ্গে যোগাযোগ করছিলাম। আমার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক আছে, তাই সেটা বের করি।’ এরপর তিনি সরাসরি তাঁদের জিজ্ঞেস করেন, ‘তোমরা কারা?’
প্রথমে কেউ উত্তর না দিলেও পরে একজন ইশারা করে জানায়, তারা নাকি বিদ্যুতের লাইন মেরামত করতে এসেছে। কিন্তু এতক্ষণ পরও কেন কাজ শেষ হচ্ছে না, এই প্রশ্নে সবাই চুপ থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়। শেষমেশ বন্দুক তাক করতেই তারা দ্রুত সরে পড়ে। গোবিন্দ বলেন, “ওরা ভাবেনি আমি বন্দুক বের করব।”
আরও পড়ুন: ‘ভালোবাসা মানে স্বীকৃতি’, ভ্যালেন্টাইনস উইকে মন জিতল জিতুর মন্তব্য
তবে আশ্চর্যজনকভাবে তিনি পরে আর তাঁদের পরিচয় জানার চেষ্টা করেননি। তাঁর যুক্তি, এসব ভেবে সময় নষ্ট করলে একজন অভিনেতার মানসিক শক্তি ক্ষয় হয়। “অভিনেতার কাজ অভিনয় করা, প্রতিক্রিয়া দেখাতে থাকলে কাজ করা যায় না”। অভিনেতার ম্যানেজার শশী সিনহাও সম্প্রতি জানান, গোবিন্দ নিয়মিত প্রাণনাশের হুমকি পেয়ে থাকেন। ওই রাতের ঘটনার পর এফআইআর দায়ের করা হয়েছে এবং ভিডিও প্রমাণও রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলি লেগে আহত হয়েছিলেন গোবিন্দ। যদিও সাম্প্রতিক এই ঘটনার সঙ্গে সেই দুর্ঘটনার কোনও যোগ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: 'এখনও কিছুই অর্জন করা হয়নি, আমার জীবনও তো শেষ হয়ে যায়নি', রাখি গুলজারের অজানা অধ্যায়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us