/indian-express-bangla/media/media_files/2026/01/31/hiran-chatterjee-2-2026-01-31-16-22-43.jpg)
হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায় ও হৃতিকা গিরির বিয়ের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণের ব্যক্তিগত জীবন। দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই সামনে আসে তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের গুরুতর অভিযোগ, যা ঘিরে তৈরি হয়েছে আইনি ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।
অনিন্দিতা চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি ২০০০ সাল থেকেই আইনত হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁদের বিয়ের বৈধ শংসাপত্র তাঁর কাছে রয়েছে এবং তাঁদের মধ্যে কোনও আইনি বিচ্ছেদ বা ডিভোর্স কখনও হয়নি। সেই অবস্থায় হিরণ কীভাবে দ্বিতীয়বার বিয়ে করলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে অনিন্দিতা তাঁর কন্যা নিয়াসাকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্রে খবর, হিরণ (Hiran Chatterjee) ছিলেন চেন্নাইয়ে। সেখান থেকে ফিরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠেছে এই মামলা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি দ্বিতীয় বিয়ে নিয়ে তিনি নীরবতা ভাঙেন। হিরণ বলেন, “আমি সবসময়ই বিশ্বাস করি, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় শুধুমাত্র আইনের আদালতেই মীমাংসা হওয়া উচিত, মিডিয়া বা সামাজিক মাধ্যমে নয়। আমি মর্যাদা ও দায়িত্ববোধের সঙ্গে কথা বলছি, আমি নিয়াসার বাবা, আমার কন্যার প্রতি আমার ভালোবাসা, কর্তব্য ও দায়িত্ববোধ আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। পারিবারিক বিষয়কে প্রকাশ্যে আলোচনা করা আমার আত্মসম্মান ও মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। গোপনীয়তা বজায় রেখে পরিবারকে সম্মান করা এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা-এই সিদ্ধান্তকে সবাই বুঝবেন ও সম্মান করবেন বলেই আমি বিশ্বাস করি।"
আরও পড়ুন: ‘সাফল্য মানেই শান্তি নয়’, অরিজিতের প্লেব্যাক অবসর ঘোষণায় বিশালের বার্তায় লুকিয়ে কিসের ইঙ্গিত?
সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর অভিযোগ এবং তার জেরে শুরু হওয়া আইনি লড়াই এখন রাজ্য রাজনীতির পাশাপাশি টলিপাড়াতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে আদালতের রায়ই এই জটিলতার চূড়ান্ত দিকনির্দেশ করবে।
আরও পড়ুন: নীরবতা কথা বলে না সবসময়, বিজয় সেতুপতির ‘গান্ধী টকস’ কেমন হল ?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us