/indian-express-bangla/media/media_files/2026/01/21/hiran-chatterjee-marriage-2026-01-21-08-29-08.jpg)
কে এই হৃতিকা গিরি?
বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) এবং হৃতিকা গিরি। আর সেই বিয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে কৌতূহলের ঝড়, কে এই হৃতিকা গিরি, যাঁর সঙ্গে নতুন জীবনের শুরু করলেন হিরণ? নেটদুনিয়া জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই তরুণী ঠিক কে, কী তাঁর পরিচয়, আর কীভাবেই বা হিরণের জীবনে এলেন তিনি?
জানা গিয়েছে, হৃতিকা গিরির (Hrithika Giri) বাড়ি পশ্চিম মেদিনীপুরে। বয়স মাত্র ২১ বছর। অল্প বয়সেই তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন একাধিক ক্ষেত্রে। শুধু সৌন্দর্যের জগতে নয়, পড়াশোনা ও খেলাধুলাতেও তাঁর সাফল্যের ঝুলি বেশ ভারী। হৃতিকা আইনের ছাত্রী এবং তাঁর কাছে রয়েছে আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রি।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তাঁর দক্ষতা চোখে পড়ার মতো। যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল জিতেছেন হৃতিকা। এখানেই শেষ নয়, ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়ে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের ছাপ ফেলেছিলেন হৃতিকা। এই প্রতিযোগিতাগুলির মাধ্যমে মডেলিং জগতে তাঁর পথচলা আরও মসৃণ হয়। ধীরে ধীরে বিভিন্ন মিউজিক ভিডিয়োতে তাঁকে দেখা যেতে থাকে, যেখানে তাঁর সাবলীল অভিনয় ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাস আলাদা করে নজর কেড়েছে।
আরও পড়ুন: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া
সূত্রের খবর, হৃতিকা গিরি মডেলিংয়ের পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতেন। কাজের সূত্রেই তাঁদের আলাপ, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কই রূপ নেয় ভালোবাসায়, আর শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্তে পৌঁছন দু’জনে। বেনারসের ঘাটে তাঁদের বিয়ের মুহূর্ত যেন ঠিক সিনেমার দৃশ্যের মতো, গঙ্গার শান্ত জল, ভক্তিময় পরিবেশ, আর দু’জনের চোখে ভবিষ্যতের স্বপ্ন। এই বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই হৃতিকা গিরি এখন নেটদুনিয়ার নতুন চর্চার কেন্দ্রবিন্দু।
এদিকে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানালেন, হিরণ চট্টোপাধ্যায় এখনও তাঁর স্বামী। তাঁদের বিয়ে হয়েছিল ২০০০ সালের ১১ই ডিসেম্বর। অর্থাৎ, গত মাসেই পূর্ণ হয়েছে তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর। রূপালি পর্দার নায়কের জীবনের এই দীর্ঘ সম্পর্কের কথা সামনে আসতেই প্রশ্ন উঠছে তাহলে দ্বিতীয় বিয়ে কীভাবে সম্ভব? অনিন্দিতার দাবি আরও বিস্ময়কর। তিনি বলেন, “ডিভোর্স তো দূরের কথা, ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়নি আমাদের মধ্যে।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us