/indian-express-bangla/media/media_files/2025/03/23/BuqtNrTLLVlx5hG2C5j3.jpg)
চটলেন কঙ্গনা... Photograph: (Instagram)
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়াত অর্থদাতা এবং দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে সদ্য প্রকাশিত নথিপত্র নিয়ে, তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। এই ফাইলগুলির বিশদ প্রকাশ্যে আসার পরই, তিনি বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে প্রশ্ন তোলেন।
মার্কিন বিচার বিভাগ সম্প্রতি, এপস্টেইন তদন্ত সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য জনসমক্ষে এনেছে। প্রকাশিত নথিতে তিন মিলিয়নেরও বেশি পৃষ্ঠার তথ্য রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ২,০০০-এরও বেশি ভিডিও এবং প্রায় ১ লক্ষ ৮০ হাজার ছবিও প্রকাশ্যে এসেছে, যা গোটা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী, এই নথিগুলিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম উঠে এসেছে, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করে তুলেছে।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কঙ্গনা এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি জানান, এই নথিপত্র পড়ে এবং দেখে তিনি গভীরভাবে বিচলিত হয়েছেন। কঙ্গনার বক্তব্য, “এপস্টাইন ফাইলস সম্পর্কে পড়া এবং দেখা অত্যন্ত বিরক্তিকর। অপরাধ সর্বত্র ঘটে, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা যেন, উচ্চবিত্ত সমাজের এক ধরনের বিকৃত সাংস্কৃতিক চর্চা। মনে হচ্ছে যেন কোনও অশুভ বা শয়তানী ধর্মের মতো এক ভয়ঙ্কর বাস্তবতা সামনে এসেছে।”
Sayak Chakraborty: সায়ক-কাণ্ডে উত্তাল নেটদুনিয়া, জেল থেকে বেরিয়েও চুপ অভিযুক্ত কর্মী
তিনি আরও দাবি করেন, বহু জনপ্রিয় শিল্পী, রাজনীতিবিদ এবং সেলিব্রিটির নাম উঠে আসায় বিষয়টি তাঁকে হতাশ করেছে। কঙ্গনা বলেন, “যাঁদের আমরা ছোটবেলা থেকে শ্রদ্ধা করেছি, যাঁদের কাজ দেখে বড় হয়েছি, তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসা অত্যন্ত হতাশাজনক। নিরীহ তরুণী এবং শিশুদের উপর যে অত্যাচারের কথা সামনে আসছে, তা মানবতার উপর গভীর আঘাত।”
এই ঘটনাকে ঘিরে কঙ্গনা মানব সমাজের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি মানুষকে নিজেদের মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। তিনি ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক দর্শনের প্রসঙ্গ টেনে বলেন, “এই ঘটনাগুলি আমাকে গভীরভাবে দুঃখ দেয় এবং মানবতার ভবিষ্যৎ নিয়ে হতাশ করে তোলে। একই সঙ্গে আমি আরও বিশ্বাস করি যে, ভারতের সংস্কৃতি ও সনাতন দর্শনের মধ্যেই বিশ্বের বহু প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। প্রাচীন কাহিনিতে দেবতা ও অসুরের যে সংঘাতের কথা বলা হয়েছে, তা আজও প্রাসঙ্গিক।”
Celina Jaitly: দুবাইয়ে আটক ভাইকে ফিরিয়ে আনার আশায় সেলিনা, হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ
উল্লেখ্য, কঙ্গনাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘এমারজেন্সি’ ছবিতে, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। ছবিটি পরিচালনা, চিত্রনাট্য এবং প্রযোজনাও করেছিলেন তিনি নিজেই। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটিতে অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমনের মতো অভিনেতারা অভিনয় করলেও বক্স অফিসে ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us