/indian-express-bangla/media/media_files/2026/01/06/kia-2026-01-06-12-01-57.jpg)
মেয়েকে দেখালেন কিয়ারা?
সোমবার সন্ধ্যায় একেবারে ঘরোয়া ও খোলামেলা মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তিনি প্রথমবার প্রকাশ্যে দেখালেন তাঁর কন্যা সারায়ার ঝলক। ভিডিওতে দেখা যায়, কোলে মেয়েকে নিয়ে আদুরে খেলায় মেতে রয়েছেন কিয়ারা। সেই সঙ্গে তিনি একটি ম্যাগাজিন উল্টে দেখাচ্ছেন, যেখানে নিজের ছবিও রয়েছে। মা-মেয়ের এই স্বাভাবিক, উষ্ণ মুহূর্তই মুহূর্তে মন কেড়ে নিয়েছে অনুরাগীদের।
ইনস্টাগ্রাম স্টোরিতে শোনা যায়, কিয়ারা মিষ্টি গলায় মেয়েকে প্রশ্ন করছেন, "তুমি কি মায়ের ম্যাগাজিন পড়তে চাও? ঠিক আছে, দেখি মা কোথায় আছে!" ম্যাগাজিনের পাতা উল্টে নিজের ছবি খুঁজতে খুঁজতে হঠাৎই সেই পাতায় ভেসে ওঠে তাঁর ছবি। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে সারায়ার ছোট্ট আঙুল আর শোনা যায় তার কচি কণ্ঠস্বর। যদিও পুরো মুখ দেখাননি তিনি। তবু, এই ছোট্ট ঝলকই অনুরাগীদের আবেগে ভাসিয়ে দিয়েছে।
Rudranil Ghosh birthday: বিশেষ দিনে বিশেষ কাজ, বিতর্ক ছাপিয়ে জন্মদিনে মানবিক রুদ্রনীল
প্রসঙ্গত, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার কন্যাসন্তানের জন্ম হয় ২০২৫ সালের ১৫ জুলাই, মুম্বাইয়ে। প্রথম থেকেই সন্তানের বিষয়টি নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ চার মাস পর, নভেম্বর মাসে একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁরা মেয়ের নাম প্রকাশ করেন- সারায়া। সেই পোস্টে কন্যাকে তাঁরা আদর করে “আমাদের রাজকন্যা” এবং “আমাদের ঐশ্বরিক আশীর্বাদ” বলে উল্লেখ করেছিলেন।
এরপর মাঝেমধ্যে ছুটি কাটানোর মুহূর্ত কিংবা পারিবারিক ছোটখাটো ঝলক শেয়ার করলেও, এই প্রথম কিয়ারা প্রকাশ্যে তাঁর মেয়ের উপস্থিতি দেখালেন। ফলে এই ভিডিও ঘিরে অনুরাগীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, গর্ভাবস্থার সাত মাস পর্যন্ত তিনি শুটিং চালিয়ে গিয়েছিলেন। বিষয়টি জানতেন শুধু পরিচালক ও প্রযোজক। কঠিন দৃশ্যে অভিনয়ের আগে তিনি নিজের অনাগত সন্তানের সঙ্গে, কথা বলতেন বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, “পেটে হাত রেখে ফিসফিস করে বলতাম- মা শুধু অভিনয় করছে, এটা বাস্তব নয়।”
কাজের ক্ষেত্রে কিয়ারা এখন প্রস্তুতি নিচ্ছেন গীতু মোহনদাস পরিচালিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির জন্য। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবি ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us