/indian-express-bangla/media/media_files/2026/01/26/caesar-play-2026-01-26-12-58-19.jpeg)
প্রজাতন্ত্র দিবসে কলকাতার মঞ্চে রাজনৈতিক-ঐতিহাসিক নাটক
প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2026) কলকাতার মঞ্চে এক বিশেষ রাজনৈতিক-ঐতিহাসিক নাট্য অভিজ্ঞতা নিয়ে আসছেন নির্দেশক কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর নির্দেশনায় ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হচ্ছে ‘সিজার’। এই নাটকটি (Play) শুধুমাত্র ইতিহাসের পাতা থেকে উঠে আসা জুলিয়াস সিজারের কাহিনি নয়, বরং সমকালীন রাজনীতির সঙ্গেও এক গভীর ও স্পষ্ট সমান্তরাল টেনে নিয়ে আসে। কমলেশ্বর মুখোপাধ্যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রাচীন রোমের রাজনৈতিক প্রেক্ষাপটকে ব্যবহার করে আজকের রাজনৈতিক বাস্তবতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন।
রোম সাম্রাজ্যের সেনাপতি ও একনায়ক জুলিয়াস সিজার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শাসক। অসাধারণ রণকৌশলী হিসেবে তাঁর খ্যাতি যেমন সুপ্রতিষ্ঠিত, তেমনই সাহিত্য ও বাগ্মীতায়ও তিনি ছিলেন সিদ্ধহস্ত। এই নাটকে জুলিয়াস সিজারের (Caesar) শাসনব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে দেখানো হয়েছে, কীভাবে এক সময়ের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিতর থেকেই তিনি ধীরে ধীরে রোমকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যান। দর্শকেরা এই নাটকের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারবেন ক্ষমতা, রাজনীতি ও উচ্চাকাঙ্ক্ষার জটিল সমীকরণ।
নাটকটির মূল আকর্ষণ এখানেই যে, এটি ইতিহাসকে শুধুমাত্র অতীত হিসেবে দেখে না। বরং গণতান্ত্রিক কাঠামোর ভেতরে দাঁড়িয়েও কীভাবে কোনও নেতা বিরোধিহীন শাসনতন্ত্র গড়ে তুলতে চান। জুলিয়াস সিজারের মধ্যেও এই মানসিকতা ছিল। তিনি গণতন্ত্রের কাঠামো ব্যবহার করেই নিজের ক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কমলেশ্বর মুখোপাধ্যায় সেই পুরোনো ইতিহাসের মধ্যেই আজকের রাজনীতির প্রতিচ্ছবি উপস্থাপন করেছেন।
আরও পড়ুন: সুরে সুরে ইতিহাস গড়লেন কলকাতার কন্যা অলকা ইয়াগনিক! পদ্মভূষণে সম্মানিত হয়ে ধন্যবাদ জানালেন শ্রোতাদের
‘সিজার’ নাটকটি তাই কেবল ঐতিহাসিক চরিত্রনির্ভর একটি নাটক নয়, বরং এটি এক রাজনৈতিক ভাষ্য। দর্শকদের ভাবতে বাধ্য করবে গণতন্ত্র আসলে কতটা সুরক্ষিত, ক্ষমতার কেন্দ্রীকরণ কোথায় গিয়ে বিপজ্জনক হয়ে ওঠে, আর জনগণের ভূমিকা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। নাটকটি দেখার সময় বারবার মনে হবে, এই গল্প শুধুই রোম সাম্রাজ্যের নয়।
প্রজাতন্ত্র দিবসের দিনটি আমাদের গণতন্ত্র, সংবিধান ও নাগরিক অধিকারের কথা মনে করিয়ে দেয়। সেই দিনেই ‘সিজার’ নাটক দর্শকদের সামনে প্রশ্ন ছুঁড়ে দেবে আমরা কি সত্যিই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে পারছি!
আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলছে ‘বর্ডার ২’, সানি দেওয়লের সিনেমা ১০০ কোটি ছাড়াল!
২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় তপন থিয়েটারে মঞ্চস্থ এই নাটক তাই শুধু বিনোদনের নয়, চিন্তারও খোরাক। ইতিহাস, রাজনীতি ও সমসাময়িক বাস্তবতার মেলবন্ধনে তৈরি ‘সিজার’ নিঃসন্দেহে কলকাতার নাট্যপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us