/indian-express-bangla/media/media_files/2025/09/19/rip-2-2025-09-19-09-57-23.jpg)
চলে গেলেন অভিনেতা...
প্রবীণ কোরিয়ান অভিনেতা লি সুন জে মঙ্গলবার, ২৫ নভেম্বর ৯১ বছর বয়সে পাড়ি দিয়েছেন- এ তথ্য নিশ্চিত করেছে তার সংস্থা এসজি ওয়ে এন্টারটেইনমেন্ট। ছয় দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে, লি ছিলেন দক্ষিণ কোরিয়ার অন্যতম শ্রদ্ধেয় ও বহুমুখী অভিনেতা। প্রায় ১৪০টিরও বেশি টেলিভিশন নাটকে, অভিনয় করা ছাড়াও, তিনি অসংখ্য সিনেমা ও মঞ্চনাটকে অংশ নিয়েছেন, যা তাকে কোরিয়ান বিনোদন জগতের এক জীবন্ত কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, লির শেষকৃত্য অনুষ্ঠিত হবে সিউলের সোংপার আসান মেডিকেল সেন্টারে। বৃহস্পতিবার সকাল ৬:২০-এ শেষযাত্রা বেরোবে এবং পরে গিয়ংগি প্রদেশের ইচিওনের ইডেন প্যারাডাইস কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই কে-পপ তারকা থেকে শুরু করে তরুণ অভিনেতারা তার উষ্ণতা, আন্তরিকতা ও শিল্পীসুলভ নিষ্ঠার কথা স্মরণ করতে থাকেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংও তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "থিয়েটার, সিনেমা ও টেলিভিশনের মাধ্যমে তিনি আমাদের হাসি, আবেগ, সান্ত্বনা ও সাহস উপহার দিয়েছেন।"
১৯৩৪ সালে হোয়েরিয়ং-এ জন্ম নেওয়া, লি সুন জে, কোরিয়ান যুদ্ধের আগে পরিবার-সহ সিউলে চলে আসেন। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াকালীন তার অভিনয়জীবনের সূচনা। ১৯৫৬ সালে নাটক বিয়ন্ড দ্য হরাইজন- এ মঞ্চে প্রথম অভিষেক ঘটে তার। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন কোরিয়ান টিভি ইতিহাসের অন্যতম আইকনিক মুখ।
পরিবারকেন্দ্রিক নাটক হোয়াট ইজ লাভ, (১৯৯১–১৯৯২)-এ তার অভিনয় ৬৫% দর্শক রেটিং অর্জন করে, যা তাকে ঐতিহ্যবাদী কোরিয়ান পিতার প্রতীকী চরিত্রে প্রতিষ্ঠিত করে। হুর জুন (১৯৯৯), সাংডো (২০০১) এবং লি সান (২০০৭)- এর মতো ঐতিহাসিক নাটকেও তিনি ব্যাপক প্রশংসা পান।
অসুস্থতার কারণে ২০২৪ সালের অক্টোবর মাসে ওয়েটিং ফর গডোট থেকে সরে দাঁড়ালেও, ডিসেম্বরে তিনি আবার জনসমক্ষে আসেন। উল্লেখযোগ্যভাবে, গত বছর কমেডি সিরিজ ডগ নোজ এভরিথিং-এ, অভিনয়ের জন্য, তিনি কেবিএস ড্রামা অ্যাওয়ার্ডসে গ্র্যান্ড প্রাইজ জেতেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us