/indian-express-bangla/media/media_files/2024/11/12/EfIVU2fGYQ86bQKlSenc.jpg)
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী
রাজ্য বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmi Bhandar) প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। এই আবহেই প্রকল্পটি নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে জানালেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তাঁরা নেবেন। নিশ্চয় নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্সের টাকা আপনাদের নিতেই হবে এই টাকা।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা উসকে দিয়েছে।
সম্প্রতি পেশ হওয়া রাজ্য বাজেটে রাজ্যের অন্যতম জনপ্রিয় জনমুখী প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ বড় ঘোষণা করা হয়। এতদিন সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী সেই অঙ্ক বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি, জনজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা এতদিন ১২০০ টাকা পেতেন, যা বাড়িয়ে করা হয়েছে ১৭০০ টাকা। ফলে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা থেকে আরও বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
মিঠুন চক্রবর্তীর বক্তব্যে একদিকে যেমন প্রকল্পের উপযোগিতা স্বীকার করার সুর শোনা গিয়েছে, তেমনই তিনি করদাতাদের অর্থ ফেরত পাওয়ার যুক্তিও সামনে এনেছেন। তাঁর মতে, সরকারের দেওয়া এই অনুদান আসলে জনগণেরই টাকা, তাই যাঁরা পাওয়ার যোগ্য, তাঁদের তা নেওয়াই স্বাভাবিক।
আরও পড়ুন: লাজুক অপর্ণা থেকে বলিউড সুপারস্টার! বাঙালির গর্ব শর্মিলা ঠাকুর
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর কর্মজীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধারায়। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে ‘মৃগয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাঁর সিনেমা জগতে অভিষেক। প্রথম ছবিতেই তাঁর অসামান্য অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। সেই ছবির জন্যই তিনি অর্জন করেন সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আরও পড়ুন: মালতিকে ঘিরে কড়া নিরাপত্তা! মেয়ের নজরদারিতে বডিগার্ড রাখলেন প্রিয়াঙ্কা
পরবর্তীকালে বাণিজ্যিক ছবিতে অভিনয়, নাচ ও অনন্য স্টাইলের মাধ্যমে তিনি সর্বভারতীয় তারকায় পরিণত হন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় হয়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলেছেন তিনি। ফলে সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে তাঁর মন্তব্য বরাবরই জনমনে প্রভাব ফেলে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রসঙ্গেও তার ব্যতিক্রম হল না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us