/indian-express-bangla/media/media_files/2024/12/19/pp5jcNVZ2Z6N7lCbnAgR.jpg)
হেনস্থার শিকার মৌনী রায়!
অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) সম্প্রতি তাঁর সঙ্গে ঘটা এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা তাঁর কাছে অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জাজনক। ঘটনায় ক্ষোভ উগরে দিলেন তিনি। হরিয়ানার কারনালে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে তিনি বয়স্ক কিছু পুরুষের দ্বারা হয়রানির শিকার হন বলে অভিযোগ করেছেন। তাঁর এই পোস্ট সামনে আসার পরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মৌনী জানান, অনুষ্ঠানে পৌঁছানোর পর থেকেই অতিথিদের আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলছিল। বিশেষ করে দু’জন বয়স্ক পুরুষের ব্যবহার ছিল অত্যন্ত আপত্তিকর। তাঁদের বয়স এমন যে, অভিনেত্রীর কথায়, তাঁরা ঠাকুরদা-দাদুর সমান। অনুষ্ঠানের শুরুতে যখন তিনি মঞ্চের দিকে এগোচ্ছিলেন, তখন ছবি তোলার অজুহাতে ওই বয়স্ক পুরুষরা এবং তাঁদের সঙ্গে থাকা পরিবারের অন্য কয়েকজন পুরুষ সদস্য তাঁর কোমরে হাত দেন। এই আচরণে তিনি সঙ্গে সঙ্গেই আপত্তি জানান এবং স্পষ্ট ভাষায় বলেন, “স্যার, দয়া করে আপনার হাত সরান।” কিন্তু তাঁর এই অনুরোধ তারা ভালোভাবে নেয়নি, বরং বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে পড়ে।
এরপর মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বলে জানান মৌনী। পারফরম্যান্স চলাকালীন ওই দু’জন বয়স্ক লোক ঠিক তাঁর সামনেই দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করতে থাকেন। শুধু কথায় নয়, অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমেও তাঁকে হেনস্থা করা হয়। তাঁরা তাঁকে বাজে নামে ডাকছিল এবং ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করছিল যাতে তিনি মানসিকভাবে অস্বস্তিতে পড়েন। মৌনি জানান, প্রথমে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিনয়ের সঙ্গে ইশারা করে তাঁদের থামতে বলেন এবং বুঝিয়ে দিতে চান যে তাঁদের আচরণ অনুচিত। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।
আরও পড়ুন: ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি! স্বাদে-গন্ধে রাজকীয় পাখির বিয়ের ভোজ
বরং বিষয়টি আরও ভয়াবহ রূপ নেয়। মৌনীর অভিযোগ, ওই দু’জন ব্যক্তি তখন তাঁর দিকে গোলাপ ফুল ছুঁড়তে শুরু করেন, যা ছিল সম্পূর্ণ অবমাননাকর ও অপমানজনক। এই অবস্থায় তিনি মুহূর্তের জন্য মানসিকভাবে ভেঙে পড়েন এবং পারফরম্যান্সের মাঝপথে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলল ‘বর্ডার ২’, সানি দেওলের ছবি প্রথম দিনে ৩০ কোটির গণ্ডি পেরোল!
তবে কিছুক্ষণ পর তিনি আবার ফিরে আসেন এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে নিজের পারফরম্যান্স শেষ করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌনী লেখেন, এই ধরনের অভিজ্ঞতা একজন শিল্পীর জন্য কতটা যন্ত্রণাদায়ক এবং অপমানজনক হতে পারে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us