/indian-express-bangla/media/media_files/2025/11/18/cats-2025-11-18-13-02-18.jpg)
গায়কের মৃত্যুতে কার দিকে অভিযোগের আঙুল মায়ের?
Humane Sagar Death Reason: মঙ্গলের সকালে মৃত্যুসংবাদ! আইসিইউ-তে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন বিশিষ্ট ওড়িয়া সংগীতশিল্পী হুম্যান সাগর। অত্যন্ত সংকটজনক অবস্থায় ভুবনেশ্বরের AIIMS-এ ভর্তি করা হয়েছিল। প্রয়োজনে তাঁকে দিল্লি AIIMS-এ ভর্তি করা হবে বলেও জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। কিন্তু, মাত্র ৩৫-এ নিভল জীবন প্রদীপ। প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের অকালপ্রয়াণের পর তাঁর মা শেফালি সুনা কাঠগোড়ায় তুলেছেন ম্যানেজার ও ইভেন্ট আয়োজকদের। গুরুতর অভিযোগ, শরীর খারাপ থাকা সত্ত্বেও জোর করে সাগরকে স্টেজ শো করানো হতো।
হুম্যানের মা অভিযোগ করেন, শারীরিক অবস্থা ভাল না থাকা সত্ত্বেও তাঁর ছেলেকে শো করতে রীতিমতো বাধ্য করা হতো। আরও অভিযোগ, ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করা হয়েছে। ন্যায়বিচারের দাবিতে তিনি বলেন, তাঁর ছেলের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদের দ্রুত গ্রেফতার করতে হবে। ম্যানেজার ও আয়োজকরাই এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যা তাঁর ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
আরও পড়ুন ICU-তে সংকটজনক প্রখ্যাত গায়ক, শিল্পীকে সুস্থ করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
হিউম্যান সাগরের মা আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, চিকিৎসকরা গায়কের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কোনও ত্রুটি রাখেননি এবং ছেলের চিকিৎসার জন্য কারও কাছে আর্থিক সাহায্যও চাননি। দৃঢ় কণ্ঠে শেফালি সুনার দাবি, 'আমার ছেলেকে ব্যবহার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থাতেও প্রোগ্রাম করতে বাধ্য করা হয়েছিল। আমি কখনও ছেলের চিকিৎসার জন্য টাকা ভিক্ষা চাইনি। আমি আমার ছেলের ন্যায়বিচার চাই।' তবে হুম্যান সাগরের ম্যানেজার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন ICU-তেই সব শেষ! মাত্র ৩৫ এ থামল সুরেলা সফর, সংগীতের নক্ষত্রপতনে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
তিনি বলেন, 'হুম্যান সাগরের লিভারের সমস্যা অনেকটাই সেরে গিয়েছিল। কিন্তু তিনি নিয়মিত ওষুধ খেতেন না এবং শরীরের যত্নও নিতেন না। খুবই অবহেলা করতেন।' সোমবার সন্ধ্যায় ভুবনেশ্বরের AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটানা ৭২ ঘণ্টার লড়াই শেষে না ফেরার দেশে গায়ক। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সংগীতজগৎ।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি গায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'খ্যাতনামা প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর মৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের কাছেঅপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করি।'
আরও পড়ুন সজাগ থেকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি! অচেতন হতে কেন ভয় পেয়েছিলেন? অস্ত্রোপচারের অভিজ্ঞতা ভাগ সুস্মিতার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us