/indian-express-bangla/media/media_files/2025/12/26/vrish-2025-12-26-10-22-01.jpg)
কেমন হল এই ছবি?
ডিসেম্বর মাসটা কি সত্যিই মোহনলালের জন্য অভিশপ্ত হয়ে উঠছে? প্রশ্নটা অযৌক্তিক নয়। গত বছর এই মাসেই তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ‘বারোজ’-এর মতো এক অপ্রত্যাশিত ব্যর্থতার মাধ্যমে। চলতি বছর ডিসেম্বরের শুরুতে দিলীপের বিতর্কিত ‘ভা ভা বা’ ছবিতে তাঁর বিব্রতকর ক্যামিও, আর মাসের শেষে এসে ২০২৫ সালের ‘বৃষভা’-যাকে প্যান-ইন্ডিয়া সিনেমার একটি জীবাশ্ম সংস্করণ বললেও কম বলা হয় না। আরও দুঃখের বিষয়, এমন একটি বছরে এসে এই ব্যর্থতা, যেখানে মোহনলালের আগের তিনটি প্রধান চরিত্রের ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। ‘বারোজ’-এর পর ‘বৃষভা’ নিঃসন্দেহে তাঁর সাম্প্রতিক কেরিয়ারের অন্যতম বড় বিপর্যয়।
ছবির কাহিনি শুরু হয় শতাব্দী প্রাচীন ত্রিলিঙ্গ রাজ্যে, যেখানে রাজা বিজয়েন্দ্র বৃষভ (মোহনলাল) এক পবিত্র শিবলিঙ্গ রক্ষার দায়িত্বে নিয়োজিত। একটি যুদ্ধে ভুল সিদ্ধান্তের ফলে তিনি অভিশপ্ত হন- যে নিজের সন্তানের হাতেই ভবিষ্যতে ধ্বংস হবেন। বহু কষ্টের পর পুত্রসন্তান লাভ করলেও, এক দুর্ঘটনায় সেই সন্তানকে হারিয়ে তিনি চিরতরে মানসিকভাবে ভেঙে পড়েন।
Projapoti 2 Review: জয়-গুরু..! পান্তা ভাতেই মিশল বাপ-ব্যাটার প্রেম, কেমন হল 'প্রজাপতি ২'?
গল্প এরপর চলে আসে ২০২৫-এর মুম্বইয়ে। আদিদেব বর্মা (মোহনলাল) একজন প্রভাবশালী শিল্পপতি, আর তাঁর ছেলে তেজ (সমরজিৎ লঙ্কেশ) তাঁর সবচেয়ে কাছের মানুষ। কিন্তু আদির ভয়াবহ দুঃস্বপ্ন অতীতের ইঙ্গিত দেয়। সত্যের খোঁজে তেজ ও তার প্রেমিকা ধামিনী (নয়ন সারিকা) দেবনাগরীতে গিয়ে জানতে পারে- তারা দু’জনই আসলে বৃষভ ও তার পুত্র হায়াগ্রীবের পুনর্জন্ম। এবং হায়াগ্রীব প্রতিজ্ঞা করেছিল, পুনর্জন্মে বাবাকে হত্যা করবে।
এই ধারণা নতুন নয়। ‘মাগধীরা’, ‘বাহুবলী’, ‘কান্তারা’- এই সব ছবির পরিচিত উপাদানকে একত্র করে ‘বৃষভা’ তৈরি হয়েছে, কিন্তু নির্মাতারা ভুলে গেছেন যে শুধুমাত্র উপকরণ জুড়ে দিলেই সিনেমা হয় না। দুর্বল চিত্রনাট্য, হাস্যকর সংলাপ, অর্থহীন সম্পর্ক এবং জোর করে গুঁজে দেওয়া পৌরাণিক উপাদান ছবিটিকে ক্লান্তিকর করে তোলে।
Tu Meri Main Tera Main Tera Tu Meri movie review: নব্বইয়ের ফর্মুলায় আধুনিক প্রেম- হোঁচট খেল ‘তু মেরি ম্যায় তেরা’, পড়ুন রিভিউ
অভিনয়ও ছবির বড় দুর্বলতা। সমরজিৎ লঙ্কেশের অভিনয় প্রায় অসহনীয়, বাকিরাও খুব একটা ভালো নন। নয়ন সারিকা কিছুটা স্বস্তি দিলেও, মোহনলালের মতো অভিনেতাকে এমন এক ফাঁপা প্রজেক্টে দেখে প্রশ্ন জাগে- কেন?
সব মিলিয়ে ‘বৃষভা’ এমন এক ছবি, যা প্যান-ইন্ডিয়া সাফল্যের নকল করতে গিয়ে নিজস্ব পরিচয়ই হারিয়ে ফেলেছে। ডিসেম্বর মাসের সঙ্গে মোহনলালের সম্পর্ক যে এবারও সুখকর হলো না, তা বলাই যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us