/indian-express-bangla/media/media_files/2026/02/02/apdr-protest-2026-02-02-10-21-48.jpg)
পথে নামল এপিডিআর
কলকাতার পার্ক স্ট্রিটের একটি নামী পাব ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন আর শুধুই খাবার সংক্রান্ত অভিযোগে সীমাবদ্ধ নেই। অভিনেতা ও ইউটিউবার সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) অভিযোগকে কেন্দ্র করে ক্রমে এই ঘটনা রূপ নিয়েছে আইনি লড়াই, রাজনৈতিক বিতর্ক এবং সাম্প্রদায়িক উত্তেজনার আলোচনায়।
বন্ধুদের সঙ্গে একটি পাবে খেতে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী। তাঁর দাবি, খাসির মাংসের অর্ডার দেওয়া হলেও তাঁকে পরিবেশন করা হয় গো-মাংস। অভিযোগ সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।সায়কের সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় শুরু হয় তুমুল চর্চা, একাংশ সায়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেও, আরেক অংশ প্রশ্ন তোলে অভিযোগের সত্যতা ও উদ্দেশ্য নিয়ে।
বিতর্কের মাঝেই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন সায়ক। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশি পদক্ষেপে গ্রেপ্তার হন অলি পাবের ওয়েটার শেখ নাসিরুদ্দিন।
এদিকে আইনি লড়াই আরও জটিল আকার নেয়। আইনজীবী সামিম আহমেদ ও জয়রাজ ভট্টাচার্য পার্ক স্ট্রিট থানায় ভ্লগার সায়ক চক্রবর্তীর বিরুদ্ধেও অভিযোগপত্র জমা দেন। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে ভিডিও বানিয়ে রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করার চেষ্টা করা হয়েছে।
নাসিরুদ্দিনকে গ্রেপ্তারের, প্রতিবাদে মানবাধিকার সংগঠন এপিডিআর (APDR) তীব্র বিরোধিতা করে পথে নামে। রবিবার এপিডিআর পার্ক স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখায়। তার আগে পার্ক স্ট্রিট মোড় থেকে থানা পর্যন্ত মিছিল হয়। বিক্ষোভকারীরা অলি পাবের সামনেও উপস্থিত হয়ে স্থানীয় মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন এবং নির্ভয়ে পাব খোলার দাবি জানান। উল্লেখযোগ্যভাবে, ঘটনার পর রবিবারও অলি পাব বন্ধ ছিল।
এপিডিআরের স্মারকপত্রে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, ওয়েটারের বিরুদ্ধে ভুলভাবে ভারতীয় দণ্ডবিধির ২৯৯ ধারায় মামলা করা হয়েছে। স্মারকপত্রে বলা হয়, পুলিশ ‘হিন্দু উচ্চবর্ণের প্রভাবশালীকে ছেড়ে দিয়ে দরিদ্র সংখ্যালঘু ওয়েটারকে গ্রেপ্তার করেছে’, যা রাজনৈতিক সিদ্ধান্তের ফল। থানার ওসির কাছে এই অবস্থানের সমালোচনা করে সিদ্ধান্ত বদলের দাবি জানানো হয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us