/indian-express-bangla/media/media_files/2026/02/01/rohit-shetty-2026-02-01-14-22-19.jpg)
বলিউডে ফের নিরাপত্তার প্রশ্ন!
রবিবার গভীর রাত। ঘুমন্ত মুম্বইয়ের বুকে আচমকাই ভেসে আসে গুলির শব্দ আর তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় জুহুর নীরবতা। বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Rohit Shetty) বাসভবনের বাইরে পরপর পাঁচ রাউন্ড গুলি চলার খবরে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিরাপত্তার কড়া ঘেরাটোপে ঢাকা পড়ে তাঁর আবাসন, আর শুরু হয় জোরদার পুলিশি তদন্ত।
পুলিশ সূত্রে খবর, রাত আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। গুলির শব্দ শোনা মাত্রই জুহু থানার পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ঘটনায় একজনই জড়িত থাকতে পারে। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে ধূমপান করছিল। তবে এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই রোহিত শেট্টির জুহুর আবাসনের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। ভবনের চারপাশে ভারী পুলিশ মোতায়েন করা হয় এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুম্বই পুলিশের উচ্চপর্যায়ের একটি বৈঠকও ডাকা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ব্যক্তিগত শত্রুতা, চাঁদাবাজি কিংবা কোনও সংগঠিত অপরাধচক্রের যোগ আছে কিনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ‘সবসময় গলা কাটা যায় গরীব ও ক্ষমতাহীনের’, সায়ক চক্রবর্তীকে ঘিরে তুমুল শোরগোল
উল্লেখ, ২০২৪ সালের এপ্রিল মাসে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল বলিউড অভিনেতা সলমন খানের বান্দ্রার বাসভবনের সামনে। সেই সময় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।
রোহিত শেট্টি ‘গোলমাল’, ‘সিংহম’-এর মতো একের পর এক সুপারহিট অ্যাকশনধর্মী ছবির জন্য পরিচিত। তাঁর বাড়ির সামনে এই ধরনের গুলি চালানোর ঘটনা বলিউড ও শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us