/indian-express-bangla/media/media_files/2026/02/03/raj-2026-02-03-17-28-39.jpg)
যা করলেন রজনীকান্ত...
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মানবিক দৃষ্টান্ত নতুন করে সামনে এল আরও একবার। পর্দায় তাঁর স্টাইল ও ব্যক্তিত্ব যেমন দর্শকদের মুগ্ধ করে, বাস্তব জীবনেও তেমনই উদারতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়ে থাকেন তিনি। সম্প্রতি তামিলনাড়ুর এক সাফাই কর্মী পদ্মাকে সোনার চেন উপহার দিয়ে রজনীকান্ত আবারও প্রমাণ করলেন তিনি শুধু সুপারস্টার নন, মানুষের মন জয় করার এক অনন্য ব্যক্তিত্ব।
ঘটনার সূত্রপাত চেন্নাইয়ের টি নগর এলাকায়। গত ১১ জানুয়ারি, প্রতিদিনের মতো নিজের দায়িত্ব পালন করছিলেন সাফাই কর্মী পদ্মা। রাস্তা পরিষ্কার করার সময় আবর্জনার স্তূপের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। কৌতূহলবশত ব্যাগটি খুলতেই চোখ কপালে ওঠে, ভিতরে ছিল বিপুল পরিমাণ পুরনো সোনার গয়না। কোনও দ্বিধা না করে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং নিকটবর্তী থানায় খবর দেন। পরে পুলিশ তদন্ত করে নিশ্চিত করে যে গয়নাগুলি আসল সোনা এবং প্রায় ৪৫ সার্বভৌম ওজনের। শেষ পর্যন্ত সেই গয়না সঠিক মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
Arijit Singh: 'অরিজিৎ-কে নিলে ভাল হয় না?' জিয়াগঞ্জের ছেলেকে ভুলে কার ওপর বেশি ভরসা করেছিলেন অমল?
পদ্মার এই সততা ও দায়িত্ববোধ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তামিলনাড়ু জুড়ে প্রশংসা কুড়োন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকেও তাঁকে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পদ্মাকে সততা ও নৈতিকতার স্বীকৃতি হিসেবে এক লক্ষ টাকার চেক তুলে দেন।
এই খবর পৌঁছায় রজনীকান্তের কাছেও। জানা যায়, অভিনেতা নিজে ফোন করে পদ্মাকে অভিনন্দন জানান এবং পরে তাঁকে ডেকে সোনার চেন ও একটি শাল উপহার দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির সঙ্গে এক ভক্ত লেখেন, “সুপারস্টার #Rajinikanth নিজে পদ্মাকে ফোন করে সোনার চেইন উপহার দিয়েছেন। এমন সততা আজকের দিনে বিরল।”
রজনীকান্তের এই উদারতা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি বহুবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মাদুরাইয়ের এক ভক্ত রজনী শেখর, যিনি গরিবদের জন্য মাত্র পাঁচ টাকায় পরোটা বিক্রি করেন, তাকেও একবার সপরিবারে ডেকে সোনার চেন উপহার দিয়েছিলেন অভিনেতা।
কাজের দিক থেকে রজনীকান্ত বর্তমানে ব্যস্ত পরিচালক নেলসনের ‘জেলার-২’ ছবির শুটিংয়ে। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিনেমার বাইরেও বাস্তব জীবনে তাঁর এই মানবিক কাজই বারবার প্রমাণ করে দেয়—রজনীকান্ত কেন কোটি মানুষের হৃদয়ের ‘থালাইভা’।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us