/indian-express-bangla/media/media_files/2025/03/20/H69v7e1OYUiWWzryYrgh.jpg)
শাহরুখ খান Photograph: (ফাইল)
বলিউড সুপারস্টার শাহরুখ খান শনিবার মুম্বইয়ে আয়োজিত, গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ অংশ নেন। অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি ২৬/১১ মুম্বই হামলা, পহেলগাম সন্ত্রাসী ঘটনা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষ ও শহিদ নিরাপত্তা কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শাহরুখ বলেন, "২৬/১১, পহেলগাম এবং দিল্লির মর্মান্তিক বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা। আর যাঁরা আমাদের রক্ষায় শহিদ হয়েছেন, সেই সাহসী নিরাপত্তা কর্মীদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা।"
এরপর তিনি ভারতীয় সেনাদের উদ্দেশে চারটি হৃদয়গ্রাহী লাইন আবৃত্তি করেন- “যখন কেউ জিজ্ঞেস করে আপনি কী করেন, বলুন- আমি দেশকে রক্ষা করি। যখন জিজ্ঞেস করে কত উপার্জন করেন, হাসিমুখে বলুন- ১.৪ বিলিয়ন মানুষের আশীর্বাদ। যদি কেউ জানতে চায় আপনি কি ভয় পান? তাদের চোখে চোখ রেখে বলুন- ভয় আমাদের নয়, যারা আমাদের আক্রমণ করে তাদের।”
শাহরুখ এরপর সেনাদের পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “সৈনিকরা লড়াই করেন, কিন্তু তাঁদের মায়েরা, বাবারা এবং সঙ্গীরাও সেই যুদ্ধে অংশ নেন- সাহস, ত্যাগ ও অবিচল বিশ্বাস নিয়ে। আমি তাঁদের প্রতি অন্তরের গভীর থেকে স্যালুট জানাই।” ভারতের অদম্য শক্তির কথাও উল্লেখ করেন তিনি। ডন ছবির জনপ্রিয় সংলাপ উদ্ধৃত করে বলেন- “যতক্ষণ ইউনিফর্ম পরা এই নায়কেরা, দেশের সুরক্ষায় আছেন, ভারতের শান্তিকে ভাঙা শুধু কঠিন নয়- অসম্ভব।”
এরপর তিনি শান্তির গুরুত্বের ওপর জোর দেন। শাহরুখ এমনিও শান্তিপ্রিয় মানুষ। অভিনেতার কথায়, “শান্তি এমন এক শক্তি যা নতুন চিন্তা, নতুন পথ ও উন্নত ভবিষ্যতের জন্ম দেয়। শান্তিই আসল পরিবর্তন- শান্তি হি ক্রান্তি হ্যায়। আমাদের উচিত জাত-ধর্ম-বৈষম্য ভুলে মানবতার পথে হাঁটা, যাতে আমাদের বীরদের আত্মবলিদান বৃথা না যায়।”
বক্তৃতা শেষ করেন এই বার্তা দিয়ে- “ভারতে শান্তি থাকলে, ভারতকে কেউ হারাতে পারবে না। ভারতকে কেউ ভাঙতে পারবে না। জয় হিন্দ।” অনুষ্ঠানে শাহরুখ খান মঞ্চে একদল শিশুদের সঙ্গে যোগ দেন, যখন তারা তাঁর জনপ্রিয় গান “ইয়ে জো দেশ হ্যায় তেরা” মঞ্চে পরিবেশন করছিল। হাসিমুখে তিনি মেয়েদের পাশে দাঁড়ান এবং তাঁদের প্রতি স্নেহ প্রকাশ করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us