/indian-express-bangla/media/media_files/2026/01/20/soumitra-parambrata-2026-01-20-13-37-58.jpg)
"আমাদের অপু অপরাজিত, আজ তিনি একানব্বইয়ে"
কিছু মানুষ থাকেন, যাঁরা শুধু একজন শিল্পী নন, একটি প্রজন্মের অনুভূতি হয়ে ওঠেন। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ঠিক তেমনই এক নাম। কিংবদন্তি অভিনেতার নামের সঙ্গে মিশে আছে বাঙালির শিল্প-সংস্কৃতি, সিনেমা, থিয়েটার এবং সাহিত্যচর্চার এক অমলিন অধ্যায়। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করে প্রণাম জানালেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সেই লেখায় শুধু শ্রদ্ধাই নয়, ধরা পড়েছে এক শিষ্যের কৃতজ্ঞতা, ভালোবাসা আর চিরন্তন শিক্ষার অনুভব।
পরমব্রত সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আজ থেকে বছর কয়েক আগের কথা। এমনই এক ১৯শে জানুয়ারি সেদিন। তাঁর সামনে ঝুঁকে আছে মাথা। যদিও এটাই তো হয়ে এসেছে বারবার। কত কী শিখেছি, শিখতে চেয়েছি মনপ্রাণ দিয়ে। ‘অভিযান’ ছবিটি সে সুযোগ আরও বেশি করে এনে দেয় আমার জীবনে। তাঁর থেকে শিখছি তো এখনও। হ্যাঁ তিনি তো আছেন, এখনও, ভীষণভাবে। আমাদের অপু অপরাজিত। আজ তিনি একানব্বইয়ে। জন্মদিনে আমার প্রণাম।”
এই কয়েকটি লাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি পরমব্রতের গভীর শ্রদ্ধা এবং আবেগ। সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই শুধু একজন অভিনেতা নন, তিনি এক সম্পূর্ণ প্রতিষ্ঠান। তাঁর অভিনয় মানে পরিমিতিবোধ, শালীনতা, গভীরতা এবং এক অনন্য শিল্পচেতনা। সত্যজিৎ রায়ের হাত ধরে ‘অপুর সংসার’-এর অপু হিসেবে যাত্রা শুরু, তারপর একের পর এক চরিত্রে তিনি হয়ে উঠেছেন বাঙালির চিন্তা ও অনুভূতির প্রতিচ্ছবি।
আরও পড়ুন: দূরদর্শনের সঙ্গীতশিল্পীকে নৃশংসভাবে কেন খুন করা হল?
নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুই একজন প্রখ্যাত শিল্পী নন, তিনি এক জীবন্ত পাঠশালা। ‘অভিযান’ ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পরমব্রতের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা তাঁর লেখাতেই স্পষ্ট। তিনি যেন বলতে চেয়েছেন, সৌমিত্রর সংস্পর্শে এলেই শেখা শেষ হয় না, বরং শেখার শুরু হয়। অভিনয়, শৃঙ্খলা, পেশাদারিত্ব, শিল্পীর দায়িত্ববোধ সব কিছুর পাঠ তিনি দিয়েছেন নীরবে, নিজের কাজের মাধ্যমে। কিংবদন্তিকে স্মরণ করে পরমব্রতের লেখা যেন মনে করিয়ে দেয় যে, মহান শিল্পীরা কখনও চলে যান না। তাঁরা থেকে যান ভাবনায়, কাজে ও শিল্পচর্চায়।
আরও পড়ুন: ‘কাঁটা লাগা গার্ল’ শেফালির মৃত্যু ঘিরে রহস্য, এখনো কার হৃদয় জুড়ে রয়েছেন তিনি?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us