/indian-express-bangla/media/media_files/2025/11/29/dharmendra-2025-11-29-13-08-38.jpg)
কেন ক্ষমা চেয়েছিলেন ধর্মেন্দ্র?
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র, যিনি হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় সুপারস্টার হিসেবে পরিচিত, ২৪ নভেম্বর পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। ছয় দশকেরও বেশি সময় ধরে চলা এক অসাধারণ চলচ্চিত্রযাত্রার এখানেই সমাপ্তি ঘটল। ধর্মেন্দ্র, শেষ মুহূর্ত পর্যন্ত অভিনয়ের প্রতি ছিলেন সমানভাবে নিবেদিত। বয়সের ভার সত্ত্বেও, তিনি নিয়মিত কাজ করে গিয়েছেন। নতুন প্রজন্মের দর্শকদেরও, ঠিক একই উষ্ণতা ও আন্তরিকতায় আপন করে নিয়েছেন।
সাম্প্রতিক সময়ে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর উপস্থিতি, তরুণ দর্শকদেরও মুগ্ধ করেছিল। তবে তাঁর শেষ সিনেমাটি আবেগের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মেন্দ্র অভিনয় করেছেন ‘ইক্কিস’ ছবিতে, যেখানে তাঁর বহুদিনের বন্ধু এবং ‘শোলে’ ছবির সহ-অভিনেতা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
‘ইক্কিস’ ছবিটি ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এই ছবির মুক্তির আগেই ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল, সোশ্যাল মিডিয়ায় ছবিটির শুটিং সেট থেকে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায়, নিজের শেষ শুটিংয়ের দিনগুলোর স্মৃতি ভাগ করে নিচ্ছেন ধর্মেন্দ্র। ভিডিওতে তিনি বলেন, “ম্যাডক ফিল্মসের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই খুব খুশি। গোটা টিম, পরিচালক শ্রীরামজি- সবাই অসাধারণ। ছবিটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার বিশ্বাস, ভারত ও পাকিস্তান-দুই দেশের মানুষই এই ছবি দেখবেন।”
কোলে নয়, ক্যাঙ্গারু ব্যাগে সন্তান, দেবের কোলে কে এই খুদে?
ভিডিওর এক অংশে দেখা যায়, শুটিংয়ের শেষ দিনে কেক কাটছেন ধর্মেন্দ্র। পরিচালক শ্রীরাম রাঘবন এবং সহ-অভিনেতা জয়দীপ আহলাওয়াতকে পাশে নিয়ে তিনি আবেগভরে বলেন, “আজ শুটিংয়ের শেষ দিন, তাই মনটা একটু ভারী।” ভিডিওর শেষে তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাদের সবাইকে ভালোবাসি। যদি কখনও কোনও ভুল করে থাকি, ক্ষমা করে দেবেন।”
এই ভিডিওটি শেয়ার করে সানি দেওল লেখেন, “আমার বাবার হাসি, যা অন্ধকারকেও আলোকিত করত। সীমাহীন উদারতা ছিল তাঁর মধ্যে। বাবার প্রতি আমাদের ভালোবাসা হৃদয়ের গভীরে গেঁথে আছে। তাঁর শেষ ছবি ‘ইক্কিস’ আমাদের জন্য এক আশীর্বাদ। নতুন বছরে প্রেক্ষাগৃহে গিয়ে তাঁকে উদযাপন করুন।” ভিডিওটিতে ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল একাধিক লাল হৃদয় ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। উল্লেখ্য, ‘দ্য আর্চিজ’-এর পর এটি অগস্ত্য নন্দার দ্বিতীয় ছবি। ছবিটি প্রথমে ২৫ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে ১ জানুয়ারি করা হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us