/indian-express-bangla/media/media_files/2026/02/01/tabu-2026-02-01-07-56-24.jpg)
বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই টাবুর!
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী টাবু (Tabu)। দীর্ঘ কেরিয়ারে একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে রুপোলি পর্দার ঝলকানির আড়ালে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল সংযত ও নীরব। সম্প্রতি ফের আলোচনায় উঠে এল টাবুর অর্থাৎ তাবাসসুম ফাতিমা হাশমীর শৈশব ও পারিবারিক জীবনের এক পরিচিত অধ্যায়, নিজের বাবার সঙ্গে কোনও সম্পর্ক না থাকা নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য।
এক পুরনো সাক্ষাৎকারে টাবু জানিয়েছিলেন, তিনি কখনও বাবার সঙ্গে দেখা করেননি এবং বাবার পদবিও ব্যবহার করেননি। বাবা-মায়ের বিচ্ছেদ হয় যখন তাঁর বয়স মাত্র তিন বছর। সেই সময় থেকেই বাবার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এই প্রসঙ্গে টাবু বলেন, “আমার বাবাকে নিয়ে কোনও স্মৃতি নেই। তাই তাঁকে নিয়ে কৌতূহলও অনুভব করি না।” অভিনেত্রীর এই মন্তব্য অনেককেই অবাক করেছে, আবার অনেকেই দেখেছেন এতে তাঁর মানসিক দৃঢ়তার প্রতিফলন।
টাবু তাঁর শৈশব নিয়ে কথা বলতে গিয়ে জানান, বিচ্ছেদের পর তিনি বড় হয়েছেন হায়দরাবাদে, তাঁর মা ছিলেন একজন স্কুলশিক্ষিকা। কাজের ব্যস্ততার কারণে টাবু বেশি সময় কাটাতেন তাঁর দিদিমার সঙ্গে। দিদিমা নিয়মিত প্রার্থনা করতেন, বই পড়তেন, এমন পরিবেশেই টাবুর শৈশব কেটেছে। অভিনেত্রীর কথায়, “আমার শৈশব খুব সুন্দর ছিল। কিন্তু আমি ভীষণ লাজুক ছিলাম। আমার কোনও ‘ভয়েস’ ছিল না। এমনকী অভিনেত্রী হওয়ার পরও অনেকদিন নিজের কথা স্পষ্ট করে বলতে পারতাম না।”
আরও পড়ুন: আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়
টাবু দিদি ফারাহ ৮০-র দশকে অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি, টাবুর পারিবারিক যোগ রয়েছে প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির সঙ্গেও। তবু এতসব গ্ল্যামার ও শিল্পীসত্তার মাঝেও টাবু নিজেকে তৈরি করেছেন নিজের মতো করে। নীরবে, ধীরে, কিন্তু দৃঢ়ভাবে।
ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই অকপট টাবু। ২০১৭ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি সিঙ্গল এবং তা নিয়ে কোনও আক্ষেপ নেই। তাঁর মতে, জীবনে সুখী থাকার একটাই নির্দিষ্ট ছক নেই। কাজ, আত্মসম্মান এবং নিজের সঙ্গে শান্তিতে থাকাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ‘আমি তোমার শরীর দেখতে চাই’, যৌন হেনস্থার কথা শেয়ার করলেন ঐশ্বর্য
৫৪ বছর বয়সেও টাবু আজও অভিনয়ের জগতে সমানভাবে প্রাসঙ্গিক। পর্দার শক্ত চরিত্রের মতোই বাস্তব জীবনেও তিনি একজন আত্মনির্ভর, স্পষ্টভাষী নারী, যিনি অতীতকে অস্বীকার না করে, তাকে পাশ কাটিয়ে নিজের পথ নিজেই বেছে নিয়েছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us