/indian-express-bangla/media/media_files/2026/01/12/mayanagar-2026-01-12-15-06-51.jpg)
পুরস্কারে ‘মায়ানগর’
আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবি ‘মায়ানগর’ WBFJA (West Bengal Film Journalists’ Association) পুরস্কার জিতে বাংলা ও ভারতীয় সিনেমা জগতে গর্বের মুহূর্ত তৈরি করল। বরাবরের মতোই আদিত্য বিক্রম সেনগুপ্ত তাঁর সংবেদনশীল, ধীর-স্থির ও বাস্তবঘনিষ্ঠ গল্প বলার ভঙ্গিতে দর্শককে নিয়ে যান এক অন্য জগতে। ‘মায়ানগর’ (Mayanagar)-এ আধুনিক শহুরে জীবনের এক গভীর মানসিক মানচিত্র, যেখানে একাকিত্ব, সম্পর্কের ভাঙন, অস্তিত্বের সংকট এবং ভালোবাসার খোঁজ একসঙ্গে মিশে যাওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ছবিতে শ্রীলেখার অভিনয় দর্শকের বিশেষ নজর কাড়ে। বিশেষ করে নীরব দৃশ্যগুলোতে তাঁর উপস্থিতি দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে। বোঝা যায়, তিনি শুধু সংলাপ নয়, শরীরী ভাষা আর দৃষ্টির মাধ্যমেও নিজের চরিত্রটি দক্ষভাবে ফুটিয়ে তুলেছেন। ‘মায়া নগর’-এ শ্রীলেখা মিত্র প্রমাণ করেছেন যে, বয়স বা গ্ল্যামার নয়, আসল শক্তি আসে চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতা থেকে।
আরও পড়ুন: ফিরছে ফসিল্স! রূপম ইসলামের ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
‘মায়ানগর’ ছবি শুধু কল্লোলিনীর কথাই বলেনি! এক নিপাট সহজ ভঙ্গিমায় সিনেমাটিতে বর্তমান সমাজের ধীর-গতিশীল, লালসা-লালসাহীন, ভোগবাদ-ভোগবাদহীন, সৎ-অসৎ মানুষের জীবনযাপনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমায় আদিত্য বিক্রম সেনগুপ্ত (Aditya Vikram Sengupta) কলকাতা শহরকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। ছবিতে প্রতিটি চরিত্র নিজের মতো করে লড়াই করছে। কেউ ভালোবাসার সন্ধানে, কেউ নিজের পরিচয় খুঁজতে, আবার কেউ নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে। আদিত্য বিক্রম তাঁর ছবিতে বড় কোনও নাটকীয়তা না এনে, ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়েই জীবনের জটিলতা ফুটিয়ে তুলেছেন।
চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং আবহসংগীত সবকিছু মিলিয়ে ‘মায়ানগর’ বহু দর্শকের মন জয় করে। আলো-ছায়ার খেলায় শহরের একাকিত্ব ও বিষণ্নতা স্পষ্টভাবে ধরা পড়ে। সংলাপের চেয়ে নীরবতাই এখানে বেশি কথা বলে, যা আদিত্য বিক্রম সেনগুপ্তের সিনেমার অন্যতম বৈশিষ্ট্য।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মিষ্টি মুহূর্ত
‘মায়ানগর’-এর WBFJA পুরস্কার জয় শুধু আদিত্য বিক্রম সেনগুপ্তের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলা ও ভারতীয় আর্টহাউস সিনেমারও এক বড় প্রাপ্তি। এই ছবি মনে করিয়ে দেয়, ভালো সিনেমা মানে শুধু বিনোদন নয়, তা আমাদের ভাবায়, অনুভব করায় এবং নিজেদের জীবনের সঙ্গে নতুন করে সংযোগ ঘটায়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us