/indian-express-bangla/media/media_files/2025/12/08/wedding-bedroom-decorjpg-2025-12-08-10-55-57.jpg)
Wedding Bedroom Decor: কীভাবে সাজাবেন নবদম্পতির ঘর?
Wedding Bedroom Decor: অগ্রহায়ণ মাস এলেই বাংলার ঘরে ঘরে সাজতে শুরু করে বিয়ের মরশুম। বিয়ে মানেই আনন্দ, আত্মীয়স্বজনের ভিড়, হাসি-আনন্দ আর নতুন জীবনের সূচনা। বিয়ের প্রস্তুতি যতটা মেয়ের বাড়িতে চলে, ততটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ছেলের বাড়িতেও। কারণ, নবদম্পতির ঘর সাজানোটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নবদম্পতির প্রথম রাত্রি এবং পরবর্তী দাম্পত্যজীবন অনেকটাই নির্ভর করে তাঁদের থাকার ঘরের পরিবেশের ওপর। তাই ফুলশয্যার ঘর শুধুই সাজসজ্জার ব্যাপার নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে মানসিক স্বস্তি, শান্তি, ভালোবাসা এবং শুভ শক্তির প্রবাহ।
অনেকেরই বিশ্বাস, নতুন দাম্পত্যজীবন সুখী ও মধুর রাখতে ঘরের পরিবেশ খুব বড় ভূমিকা নেয়। বাঙালি পরিবারে তাই বিয়ের আগে থেকেই ছেলেবাড়িতে নবদম্পতির জন্য আলাদা ঘর সাজানোর আয়োজন শুরু হয়ে যায়। ঘরের রং, আলো, খাটের অবস্থান, বিছানার চাদর, ফুলের ব্যবহার—সব কিছুই সেখানে গুরুত্ব পায়। বাস্তু শাস্ত্রেও বলা আছে, সঠিক দিক ও সঠিক সাজসজ্জায় শোয়ার ঘর থাকলে সম্পর্ক আরও গভীর হয়, মন শান্ত থাকে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ে।
আরও পড়ুন- সুপারি দিয়ে এই উপায়গুলি করলেই জীবনে আসবে উন্নতির স্রোত!
নবদম্পতির ঘরের রং নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের দেওয়ালে গাঢ় বা খুব ডার্ক রং ব্যবহার করা উচিত নয়। কারণ অতিরিক্ত গাঢ় রং মাথায় চাপ ফেলে, অস্থিরতা বাড়ায় এবং মানসিক শান্তি কমিয়ে দেয়। বরং হালকা আকাশি, গোলাপি, সাদা, লাইট ক্রিম বা হালকা হলুদ রং ব্যবহার করলে ঘরে প্রশান্তি আসে। এই রঙের পরিবেশ নবদম্পতির মনকে কোমল, শান্ত এবং ইতিবাচক রাখে। প্রথম রাত্রির অনুভূতি যে কতটা নরম, তা পরিবেশই ঠিক করে দেয়।
আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে
ফুলশয্যার বিছানার চাদর নিয়েও কিছু নিয়ম মানা হয়। অনেকেই লাল রঙের চাদর ব্যবহার করতে ভালোবাসেন, কারণ লাল রং ভালোবাসার প্রতীক। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী পুরোপুরি লাল চাদর এড়ানো ভালো। কারণ এটি চোখে বাড়তি চাপ ফেলে এবং ঘরের পরিবেশকে অতিরিক্ত আবেগপূর্ণ করে তোলে। তার বদলে হালকা রঙের চাদর বেশি শুভ বলে মনে করা হয়। চাইলে হালকা ব্যাকগ্রাউন্ডে লাল রঙের নকশা বা কাজ করা চাদর ব্যবহার করা যেতে পারে। এতে সৌন্দর্য যেমন বাড়ে, তেমনই মানসিক ভারসাম্যও বজায় রাখে।
আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন
বিয়ের পর নবদম্পতির ঘর বাড়ির কোন দিকে হওয়া উচিত, তা নিয়েও প্রচলিত নিয়ম আছে। বাস্তু মতে, যদি ঘরটি দক্ষিণ-পশ্চিম দিকে হয় তবে দাম্পত্যজীবন আরও স্থায়ী ও দৃঢ় হয়। এই দিক সম্পর্কের স্থায়িত্ব বাড়ায়। আবার উত্তর-পশ্চিম দিক মানসিক শান্তি, পারস্পরিক বোঝাপড়া এবং স্বস্তি আনে। তাই নবদম্পতির ঘর সাজানোর সময় পরিবারের অনেকে এই দিকগুলি খেয়াল রাখেন।
আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া!
খাট নির্বাচনের ক্ষেত্রেও কিছু প্রচলিত বিশ্বাসও রয়েছে। লোহার খাট ব্যবহার না করা ভালো মনে করা হয়, কারণ এটি নাকি নেতিবাচক শক্তি টেনে আনে। কাঠের খাট সব সময়ই শুভ বলে ধরা হয়। কাঠ প্রকৃতির প্রতীক, যা দাম্পত্যে শীতলতা ও শান্তির প্রতীক হিসেবে কাজ করে। খাটের পিছনের দিক দেয়ালে থাকলে নিরাপত্তাবোধ জন্মায় এবং ঘরে একধরনের স্থিতিশীলতা তৈরি হয়। তবে খাটের নীচে কখনই অপ্রয়োজনীয় জিনিস, বাক্স বা পুরোনো কাপড় রাখা উচিত নয়। এতে ঘরে অশান্তি, ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ তৈরি হতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্ন খাট দাম্পত্যে শান্তির অন্যতম শর্ত।
ফুলশয্যার ক্ষেত্রে ফুল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। নকল ফুল বা প্লাস্টিকের ফুল কখনই ব্যবহার করা উচিত নয়। আগের দিনের বাসি ফুলও একদম বারণ। কারণ বাসি ফুল ঘরে স্থবিরতা আনে। বরং সদ্য তোলা টাটকা ফুলেই সাজানো উচিত বিয়ের ঘর। গোলাপ ভালোবাসার অনুভূতি বাড়ায়, জুঁই মিষ্টি সুবাসে মনকে শান্ত করে, আর রজনীগন্ধা ঘরে সৃষ্টি করে এক বিশেষ রোমান্টিক পরিবেশ। এসব ফুলের মৃদু সুগন্ধ নবদম্পতির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ায় এবং মনে স্বস্তি আনে।
আলোর ব্যাপারেও যত্ন নেওয়া প্রয়োজন। খুব উজ্জ্বল আলো এড়িয়ে চলাই ভালো। নরম, উষ্ণ আলোর পরিবেশ দাম্পত্যে একধরনের নিরাপদ ও আরামদায়ক অনুভূতি তৈরি করে। অনেকে মোমবাতি বা সুগন্ধী মোম ব্যবহার করেন, যা পরিবেশকে আরও রোমান্টিক করে তোলে। হালকা সুগন্ধি এসেনশিয়াল অয়েলও ব্যবহার করা যেতে পারে, চাইলে ঘরে হালকা ধূপ জ্বালানো যেতে পারে।
নতুন জীবনের শুভ সূচনা
সব শেষে বলতে হয়, নবদম্পতির ঘর সাজানো মানে শুধু সাজসজ্জা নয়—এটি এক নতুন জীবনের শুভ সূচনা। ভালোবাসা, সম্মান, শান্তি এবং মধুরতার ভিত্তি তৈরি হয় ঠিক এই জায়গাটিতেই। তাই বিয়ের অন্যান্য আয়োজনের মতোই নবদম্পতির ঘর সাজাতেও ভালোবাসা এবং যত্ন থাকা প্রয়োজন। সঠিক পরিবেশই দাম্পত্যজীবনের প্রথম পদক্ষেপকে করে তুলতে পারে আরও সুন্দর এবং মধুর।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us