/indian-express-bangla/media/media_files/2025/02/18/DiRsVlCOHSvKh2fagboq.jpg)
Horoscope: রাশিফল।
Zodiac Signs You Should Not Trust: বিশ্বাস হল যে কোনও সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত। বন্ধু হোক কিংবা প্রেমের সম্পর্ক, বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু বাস্তব জীবনে দেখা যায়, সব মানুষকে চট করে বিশ্বাস করা যায় না। জ্যোতিষশাস্ত্র বলছে, মানুষের স্বভাব, আচরণ ও মানসিক গঠনের সঙ্গে রাশিচক্রের একটি গভীর যোগ রয়েছে। রাশি অনুযায়ী কারও মধ্যে সততা প্রবল, আবার কারও মধ্যে লুকিয়ে থাকে দ্বিচারিতা, অস্থিরতা কিংবা আত্মকেন্দ্রিক মনোভাব।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের এমন ছয়টি রাশি রয়েছে যাঁদের বন্ধু বা প্রেমিক হিসেবে বিশ্বাস করতে গেলে সাবধান হওয়া জরুরি। এঁরা বাইরে থেকে যতই আকর্ষণীয় বা বন্ধুবৎসল মনে হোক না কেন, ভেতরে এঁদের আচরণ হঠাৎ বদলে যেতে পারে। কখন যে সম্পর্কের মোড় ঘুরে যাবে, তা আগে থেকে বোঝা কঠিন।
মেষ
মেষ রাশির জাতক-জাতিকারা সাহসী ও উদ্যমী স্বভাবের জন্য পরিচিত। কিন্তু এই সাহসের আড়ালেই লুকিয়ে থাকে অস্থিরতা। মেষ রাশির মানুষ মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনে সেই সিদ্ধান্ত ভাঙতেও দ্বিধা করেন না। কাছের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাগের মাথায় ভুলে যাওয়া বা গোপন কথা প্রকাশ্যে বলে দেওয়ার প্রবণতা মেষ রাশির ক্ষেত্রে দেখা যায়। এই কারণে অনেকেই মনে করেন, মেষ রাশির ওপর চোখ বন্ধ করে ভরসা করা বিপজ্জনক।
আরও পড়ুন- নতুন বছরে কারা হবেন টাকার রাজা? ভাগ্য, সম্পদ, আর্থিক স্থিতিতে কোন রাশি থাকবে শীর্ষে?
মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত মিশুকে এবং কথাবার্তায় পারদর্শী। তাঁদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে ঠিকই, কিন্তু সমস্যা শুরু হয় বিশ্বাসের জায়গায়। মিথুন রাশির মন খুব দ্রুত বদলে যায়। পরিস্থিতি অনুযায়ী কথা বলা এবং নিজের আসল ভাবনা লুকিয়ে রাখার প্রবণতা এই রাশির বড় বৈশিষ্ট্য। দ্বৈত চরিত্রের জন্যই মিথুন রাশির মানুষকে অনেক সময় গিরগিটির সঙ্গে তুলনা করা হয়।
আরও পড়ুন- কথার ভাঁজে মানুষকে বোকা বানান, শব্দের জালে ফাঁসান এই ৬ রাশি!
সিংহ
সিংহ রাশির জাতক-জাতিকারা সব সময় লাইমলাইটে থাকতে ভালোবাসেন। প্রশংসা ও মনোযোগ পাওয়ার জন্য তাঁরা প্রয়োজনে নিজের আসল সত্ত্বা আড়াল করতে পারেন। অন্যের গোপন কথা চেপে রাখার ক্ষেত্রে সিংহ রাশি খুব একটা নির্ভরযোগ্য নয়। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা বড় কথা বলার প্রবণতার কারণেই অনেক সময় তাঁদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে।
আরও পড়ুন- আপনার তালুর আকার ও রং বলবে আপনি কেমন মানুষ, জানাচ্ছেন জ্যোতিষী
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অত্যন্ত কৌশলী ও রহস্যময় প্রকৃতির। আবেগ নিয়ে খেলা করা এবং নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখাই তাঁদের স্বভাব। কারও প্রতি আঘাত পেলে তা সহজে ভুলতে পারেন না এবং প্রতিশোধস্পৃহাও প্রবল। গোপন কথা ফাঁস করে দেওয়া কিংবা মানসিকভাবে কাউকে নিয়ন্ত্রণ করার প্রবণতার কারণে বৃশ্চিক রাশির মানুষকে চট করে বিশ্বাস করা কঠিন।
আরও পড়ুন- শুভ কাজে বেরোনোর সময় পিছু ডাকলেই কি অঘটন নিশ্চিত, সত্যিটা কী?
ধনু
ধনু রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা এবং বাঁধনমুক্ত জীবন পছন্দ করেন। এই স্বাধীনতার নেশাতেই অনেক সময় তাঁরা দায়িত্বহীন আচরণ করে বসেন। কারও প্রতি স্থায়ী আনুগত্য দেখানো ধনু রাশির পক্ষে কঠিন। নিজের মনের কথা অকপটে বলে ফেলেন, ফলে অজান্তেই কারও ক্ষতি হয়ে যেতে পারে। তাই ধনু রাশির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক-জাতিকারা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেন। আবেগঘন পরিস্থিতিতে তাঁদের আচরণ অনেক সময় ঠান্ডা ও নির্লিপ্ত মনে হয়। বিদ্রোহী মানসিকতার কারণে সামাজিক নিয়ম বা গোপনীয়তার তোয়াক্কা না করে সত্য প্রকাশ করে দিতে পারেন। এই কারণেই কুম্ভ রাশির মানুষকে অনেকেই অবিশ্বস্ত বলে মনে করেন।
সব মিলিয়ে বলা যায়, এই ছয় রাশির জাতক-জাতিকারা সকলেই কিন্তু খারাপ মানুষ নন, কিন্তু তাঁদের স্বভাবের কিছু দিক সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। তাই বন্ধুত্ব বা প্রেমে জড়ানোর আগে শুধু আবেগ নয়, বাস্তব বুদ্ধিও কাজে লাগানো জরুরি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us