/indian-express-bangla/media/media_files/2025/11/07/high-blood-pressure-control-2025-11-07-20-56-52.jpg)
High Blood Pressure Control: কীভাবে কমাবেন রক্তচাপ?
High Blood Pressure Control: উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়, কারণ এটি ধীরে ধীরে হার্টি, কিডনি আর মস্তিষ্কের ক্ষতি করে। কিন্তু আপনি কি জানেন—ওষুধ ছাড়াও জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব?
থানের জুপিটার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ অমিত সরাফ বলেন, 'রক্তচাপ কমানোর সবচেয়ে কার্যকর তিনটি উপায় হল লবণ খাওয়া কমানো, শরীরচর্চা বাড়ানো, ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা।' এই পরিবর্তনগুলি ছোট মনে হলেও, এগুলি আপনার রক্তনালীগুলোকে শিথিল করে দেয় এবং হৃদপিণ্ডের ওপর থেকে চাপ কমায়। নিয়মিত এই নিয়মগুলো মেনে চললে এক সপ্তাহের মধ্যেই আপনি পার্থক্যটা টের পাবেন।
১. লবণ (Sodium) কমানোই মূল মন্ত্র
অতিরিক্ত সোডিয়াম শরীরে জল ধরে রাখে এবং রক্তচাপ বাড়ায়। তাই প্যাকেটজাত খাবার, আচার, পাপড়, রুটি, রেস্তোরাঁর খাবার আর চাটনি খাওয়া কমান। এর পরিবর্তে বাড়িতে রান্না করা খাবার খান এবং অতিরিক্ত লবণ খাবারের পাতে নেওয়াটা বন্ধ করুন। শাকসবজি, ফল, ডাল, গোটা শস্যদানা এবং দুধের বিভিন্ন কম ফ্যাটযুক্ত খাবারে থাকা পটাসিয়াম কমায় সোডিয়ামের ক্ষতিকর প্রভাব।
আরও পড়ুন- হজম থেকে চুলের জেল্লা, পান্তা ভাতের গুণ শুনলে অবাক হয়ে যাবেন!
২. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
দ্রুত হাঁটা রক্তনালীগুলোকে শিথিল করে এবং হৃদয়ের কর্মক্ষমতা বাড়ায়। অফিসে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। সকালে বা সন্ধ্যায় হালকা দৌড়ান। তাতে রক্তসঞ্চালন ভালো হবে। ডা. সরাফ বলেন, 'নিয়মিত হাঁটা আর হালকা ব্যায়াম করলে রক্তচাপ প্রায় ৫-৮ মিলিমিটার (mmHg) পর্যন্ত কমতে পারে।'
আরও পড়ুন- একটি গানের দুটি শব্দ, কীভাবে ভারতের জাতীয় আন্দোলনের স্লোগান হয়ে উঠল বন্দে মাতরম?
৩. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন হার্টের ওপর চাপ ফেলে। মাত্র ৪-৫ কেজি ওজন কমলেও রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর পাশাপাশি পেটের চর্বি কমানো হল রক্তচাপ কমানোর সবচেয়ে কার্যকরী কায়দা। কারণ এতে শরীরের ইনসুলিন রেসপন্সও ভালো হয়।
৪. ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
অল্প ঘুম বা অনিয়মিত ঘুম রক্তচাপ বাড়ায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। ঘুমের আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। ডা. সরাফ বলেন, 'গভীর ঘুম ও মানসিক ভারসাম্য হার্টকে সুরক্ষা দেয়—এটি যেন ঠিক রক্তচাপের ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধের মত কাজ করে।'
আরও পড়ুন- দক্ষিণ কলকাতার রহস্যময় ডাকাত কালীবাড়ি, কাহিনি শুনলে পুরো গায়ে কাঁটা দেবে!
৫. ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন
ধূমপান ও অতিরিক্ত মদ্যপান রক্তচাপ হঠাৎই বাড়িয়ে দেয়। ধূমপান বন্ধ করলে কয়েক দিনের মধ্যেই রক্তচাপের পার্থক্য দেখা যায়, কারণ রক্তনালী সেই সময় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।
ঘরে বসেই রক্তচাপ মেপে নিন বা মনিটর করুন
ডিজিটাল BP মেশিন দিয়ে নিয়মিত রক্তচাপ মাপুন এবং রেকর্ড রাখুন। যদি রক্তচাপ ১৪০/৯০ এর ওপরে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। ডা. সরাফের পরামর্শ, 'লবণ কমানো, হাঁটা, ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট—এই তিনটি অভ্যাস একসঙ্গে চালালে আপনি ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।'
মোদ্দা কথা, রক্তচাপ নিয়ন্ত্রণের মূল তিনটি স্তম্ভ হল — লবণ কমানো, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক ভারসাম্য বজায় রাখা। এই অভ্যাসগুলি শুধু রক্তচাপই নয়, আপনার হৃদয়ের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us