/indian-express-bangla/media/media_files/2026/01/20/kareena-kapoor-2026-01-20-10-27-04.jpg)
Kareena Kapoor Superfood Secret: হৃদরোগে উপকারী সবজি কোনটি, জেনে নিন।
Kareena Kapoor Superfood Secret: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান সবসময়ই স্বাস্থ্যকর জীবনযাপনের পক্ষপাতী। গ্ল্যামার দুনিয়ার ঝলকানির আড়ালেও তিনি যে ঘরোয়া, সহজ এবং মরশুমি খাবারে বিশ্বাসী, তা বহুবার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি তাঁকে নিজের প্রিয় 'সুপারপাওয়ার' সবজির নাম জিজ্ঞাসা করা হয়েছিল। তখন কিন্তু করিনা কোনও বিদেশি সুপারফুড বা দামী সবজির নাম নেননি।
বরং তিনি নির্দ্বিধায় বেছে নিয়েছেন আমাদের চেনা লাউ বা লাউকিকে। করিনার মতে, লাউ হয়তো খুব আকর্ষণীয় বা ট্রেন্ডি নয়, কিন্তু এটি তার শরীরের খুব উপকার করেছে। এতটাই করেছে যে, তাঁকে অনেকদিন পর্যন্ত ওষুধ খেতে হয়নি।
সাক্ষাৎকারে করিনা কাপুর জানিয়েছেন
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা কাপুর জানিয়েছেন, তিনি লাউয়ের একজন বড় ভক্ত। দুধের সঙ্গে লাউয়ের স্যুপ, সাধারণ লাউয়ের সালাদ বা হালকা লাউয়ের তরকারি—এই খাবারগুলো তাঁর পেটকে শান্ত রাখে এবং শরীরকে ভেতর থেকে ভালো রাখে। তাঁর কথায়, লাউয়ের স্বাদ খুব সাদামাটা হলেও এটি যেন সরাসরি খেত থেকে প্লেটে এসেছে এমন এক অনুভূতি তৈরি করে। এই কারণেই তিনি লাউকে নিজের 'সুপারপাওয়ার সবজি' বলে মনে করেন বলে করিনা জানিয়েছেন।
আরও পড়ুন- সময়ের সঙ্গে দাম্পত্যে 'ঝলকানি' কমে যাওয়া স্বাভাবিক? জানুন শিল্পা শেট্টির কাহিনি!
চিকিৎসা ও পুষ্টিবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকেও লাউয়ের উপকারিতা অস্বীকারের উপায় নেই। থানের কেআইএমএস হাসপাতাল (KIMS Hospitals)-এর প্রধান ডায়েটিশিয়ান ডা. আমরিন শেখ জানিয়েছেন, লাউ দেখতে যতই সাধারণ হোক না কেন, এর পুষ্টিগুণ অসাধারণ। ভারতীয় রান্নাঘরে যুগের পর যুগ ধরে লাউ ব্যবহৃত হয়ে আসছে মূলত এর হালকা প্রকৃতি ও সহজে হজম ক্ষমতার জন্য। আধুনিক সময়ের ট্রেন্ডি ডায়েটের ভিড়েও এই সবজিটি সমানভাবে উপকারী।
আরও পড়ুন- প্রতিদিন সহজে সুস্থ থাকতে রান্নাঘরে অবশ্যই রাখুন এই ৬ স্বাস্থ্যকর খাবার
লাউয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এতে ৯০ শতাংশেরও বেশি জল রয়েছে। এই উচ্চ জলীয় উপাদান শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় তো বটেই। পর্যাপ্ত জল শরীরের তরল ভারসাম্য বজায় রাখে এবং হজম প্রক্রিয়াকে মসৃণ করতে সাহায্য করে। কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকার কারণে লাউ পেট যেন ভরে আছে, এমন একটা অনুভূতি দেয়। অথচ, শরীরকে মোটেও ভারী করে না। ফলে যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য লাউ আদর্শ খাবার।
আরও পড়ুন- স্পেনে লোয়ার বডি ফিটনেসে বিশেষ জোর তামান্না ভাটিয়ার, দেখুন সেই ভিডিও!
ডা. শেখের মতে, লাউয়ের ঠান্ডা প্রকৃতি শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে। গ্রীষ্মকাল বা বর্ষাকালে যখন হজমশক্তি দুর্বল হয়ে পড়ে, তখন লাউয়ের মত সহজপাচ্য খাবার শরীরকে স্বস্তি দেয়। নিয়মিত লাউ খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, অন্ত্র পরিষ্কার থাকে। এর ফলে অ্যাসিডিটি, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের মত সমস্যাও অনেকটাই কমে যায়।
আরও পড়ুন- রাতে হাঁটুর ব্যথায় ঘুম উধাও? কারণ ও আরাম পাওয়ার উপায় জেনে নিন
রক্তচাপ নিয়ন্ত্রণেও লাউয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে থাকা পটাশিয়াম শরীরের অতিরিক্ত সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। ডায়াবেটিস বা হৃদরোগের মত জীবনযাত্রাজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য লাউ নিরাপদ ও উপকারী একটি সবজি। একইসঙ্গে এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। কারণ, সঠিক হজম এবং ডিটক্সিফিকেশন ত্বকের ওপর সরাসরি প্রভাব ফেলে।
লাউয়ের আরেকটি বড় সুবিধা হল, এর স্বাদ। এই কারণে এটি নানা ধরনের রান্নায় ব্যবহার করা যায়। স্যুপ, তরকারি, রায়তা এমনকী স্মুদিতেও লাউ সহজেই মানিয়ে যায়। তবে বিশেষজ্ঞরা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন। যদি কখনও লাউ তেতো স্বাদের হয়, তাহলে তা খাওয়া উচিত নয়, কারণ তেতো লাউ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, করিনা কাপুরের পছন্দ শুধু ব্যক্তিগত অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে শক্ত বৈজ্ঞানিক ও পুষ্টিগত ভিত্তি। লাউ হয়তো দেখতে সাধারণ, কিন্তু এর উপকারিতা অসাধারণ। তাই সুস্থ থাকতে বা অন্ত্রের যত্ন নিতে চাইলে এই দেশি সবজিটিকে নিয়মিত খাদ্যতালিকায় জায়গা করে দেওয়া বুদ্ধিমানের কাজ বলেই করিনা মনে করেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us