/indian-express-bangla/media/media_files/2025/09/17/narendra-modi-2025-09-17-03-52-43.jpg)
Narendra Modi: নরেন্দ্র মোদী।
Narendra Modi Birthday: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (১৭ সেপ্টেম্বর) পা রাখলেন জীবনের এক বিশেষ মাইলফলকে। তিনি পূর্ণ করলেন ৭৫ বছর। জন্মদিনের প্রাক্কালে দেশ-বিদেশের একাধিক নেতা ও ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হল — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পাঠানো উপহার।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। সমাজমাধ্যমে মোদী নিজেই সেই খবর শেয়ার করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, '৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ বন্ধু। ভারত-আমেরিকার সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।'
এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে ট্রাম্পের উদ্যোগকে ভারত সমর্থন করছে বলেও উল্লেখ করেছেন মোদী। কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও এই ফোনালাপ ভারত-আমেরিকা সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন- বিশ্বকর্মা আর বেহুলার যোগাযোগ হয়েছিল কীভাবে? জানুন কাহিনি
অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি নরেন্দ্র মোদীর জন্য পাঠিয়েছেন সই করা একটি বিশেষ জার্সি। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে শতদ্রু দত্ত জানিয়েছেন, ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন মেসি এবং সেই সময় মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। মোদীর জন্মদিন উপলক্ষে এই উপহারকে ভারত-আর্জেন্টিনা ক্রীড়া সম্পর্কের বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, অতীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সই করা জার্সি উপহার দিয়েছিলেন মেসি।
আরও পড়ুন- প্রায় ৯০ শতাংশ ভক্ত বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত জানেন না, জানুন সেই রহস্য
জন্মদিন উপলক্ষে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শনীর। ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই প্রদর্শনীতে তুলে ধরা হবে মোদীর শৈশব, ছাত্রজীবন, আরএসএসে যোগদান, রাজনৈতিক উত্থান এবং প্রধানমন্ত্রী হওয়ার পথে চলার মত ঘটনাগুলো। প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও জাতীয় পরিষদ সদস্যা শতরূপা। সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে থাকছে শতাধিক ছবি, নথি ও তথ্যচিত্র।
আরও পড়ুন- বিশ্বকর্মার সঙ্গে পুজো পেতেন এই কলকাতায়, তাঁর ছেলেরা ছিলেন রামায়ণেও!
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের বড়নগরে জন্ম নেওয়া নরেন্দ্র মোদী ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ ২৪ বছরের প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে ভারত অর্থনীতি, মহাকাশ গবেষণা ও বৈদেশিক নীতিতে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করে বিজেপি।
আরও পড়ুন- বাঙালি, অবাঙালি বিশ্বকর্মার চেহারা একদম আলাদা, কারণটা কী?
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভারতজুড়ে বিভিন্ন স্থানে সেবামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। বিজেপি 'সেবাপক্ষ' নামে এই দিনটি পালন করছে। একদিকে যেমন ট্রাম্প ও মেসির মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বার্তা আসছে, অন্যদিকে দেশের নানা প্রান্তে সাধারণ মানুষও নানা উপায়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবারের জন্মদিন তাই শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের নয়, বরং ভারতের কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক ক্রীড়া-সংযোগ এবং রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেল আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us