/indian-express-bangla/media/media_files/2025/11/20/bongaon-tmc-women-councillors-attack-political-tension-2025-11-20-13-43-22.jpg)
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও তৃণমূল সাংসদের
বনগাঁয় রাতের অন্ধকারে তৃণমূলের মহিলা কাউন্সিলরদের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করা ছয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বুধবার গভীর রাতে হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকেই বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আক্রান্ত কাউন্সিলররা। তাদের প্রতিবাদে অংশ নেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর।
আরও পড়ুন-বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে প্রবল চাপে কমিশন
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালি বিশ্বাস এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের বাড়িতে হামলার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছান রাজ্যসভার সাংসদ ও বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতা বালা ঠাকুর। পরে তিনি কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন মমতা বালা ঠাকুর। তাঁর অভিযোগ, “পুলিশের ভূমিকা জিরো। রাতের অন্ধকারে মহিলা কাউন্সিলরদের বাড়িতে হামলা হচ্ছে, আর পুলিশ শুধু দর্শকের ভূমিকা পালন করছে।”
আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন
মমতা বালা ঠাকুর আরও বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারের দাবিতে তিনি বনগাঁ জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি অভিযোগ করেন, তাঁকে না জানিয়েই পুরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগের নোটিশ পাঠিয়েছেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস।
আরও পড়ুন-কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী মহিলা বিএলও? SIR বন্ধের দাবি ক্ষুব্ধ মমতার
আক্রান্ত কাউন্সিলরদের অভিযোগ, অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করার কারণেই তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী নাম না করে জেলা সভাপতিকে কটাক্ষ করে বলেন, “বিরোধিতা করতে হলে সামনে এসে করুক। ক্ষমতা থাকলে সামনে থেকে গুলি করুক। পেছন থেকে হামলা করা কাপুরুষোচিত আচরণ।” এদিকে ভোটের আগে রাজনৈতিক অশান্তির জেরে বনগাঁ শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us