/indian-express-bangla/media/media_files/2025/09/29/anustup-majumder-2025-09-29-18-48-43.jpg)
টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স বিশ্লেষণ করলেন অনুষ্টুপ মজুমদার
Asia Cup 2025 Final: শেষ হল ২০২৫ এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। খেতাবি লড়াইয়ে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এই ম্য়াচটা ৫ উইকেটে জয়লাভ করে। এই জয়ের পর গোটা ক্রিকেট বিশ্ব ভারতকে প্রশংসায় ভরিয়ে দিতে শুরু করে। আগামী বছর টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়াকে কতটা অক্সিজেন দেবে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যাবতীয় সম্ভাবনা বিশ্লেষণ করলেন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (Anustup Majumder)।
প্রশ্ন : ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক। টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্সকে কীভাবে দেখছেন?
অনুষ্টুপ : ভারত একেবারে যোগ্য দল হিসেবেই পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে। ফাইনাল ম্য়াচে একটা সময় তো পাকিস্তানের দিকে বেশ পাল্লা ভারী বলেই মনে হচ্ছিল। কিন্তু, সেখান থেকে ভারত দুর্দান্ত কামব্যাক করেছে। ব্যাটিং এবং বোলিং - দুই ডিপার্টমেন্টেই নজরকাড়া পারফরম্য়ান্স আমরা দেখতে পেয়েছি। সেখান থেকেই বোঝা যায় যে এই দলটা ঠিক কতখানি শক্তিশালী।
প্রশ্ন : ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্য়াচে হার্দিক পান্ডিয়া খেলেননি। এই অনুপস্থিতি কী কোথাও ভারতের পারফরম্য়ান্সে শূন্যস্থান তৈরি করেছে?
অনুষ্টুপ : ভারত যথেষ্ট শক্তিশালী একটা ক্রিকেট দল। একথা ঠিক যে ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্য়াচে চোটের কারণে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। সেকারণে টিম ইন্ডিয়ার সামনে জয়ের রাস্তাটা হয়ত কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু, সেই কঠিন পথ অতিক্রম করে অবশেষে ওরা জয়লাভ করেছে।
প্রশ্ন : রোহিত-বিরাট নির্ভরতা কাটিয়ে টিম ইন্ডিয়া কি ক্রমশ সাবলম্বী হয়ে উঠছে?
অনুষ্টুপ : স্বাবলম্বী তো অবশ্যই হয়েছে। টেস্ট সিরিজ নিয়ে তো এত জল্পনা-কল্পনা হয়েছিল। সেখানে টেস্ট সিরিজ ড্র করে টিম ইন্ডিয়া দেশে ফিরেছে। তারপর এশিয়া কাপে জয়লাভ। ভারত যে যোগ্য দল হিসেবেই জিতেছে, একথা একেবারে ঠিক। তবে ক্রিকেট বিশ্বে আরও শক্তিশালী দল রয়েছে। সেই দলগুলোর বিরুদ্ধে এখনও টিম ইন্ডিয়াকে পরীক্ষার মুখে পড়তে হয়নি। টি-২০ বিশ্বকাপের পর একটা সন্দেহ তো থেকেই গিয়েছে, আরও শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত কেমন পারফরম্য়ান্স করতে পারবে। কারণ বিশ্বকাপের পর থেকে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলতে নামেনি। সেকারণে শক্তিও পরখ করা হয়নি।
India Wins Asia Cup Final: এশিয়া কাপ জিতে ট্রফি ছাড়াই 'জয়োল্লাস' ভারতের, ভাইরাল হল ভিডিও
প্রশ্ন : বাবর এবং রিজওয়ানের অনুপস্থিতি পাকিস্তান ক্রিকেট দলে পার্থক্য গড়ে দিল?
অনুষ্টুপ : ফাইনাল ম্য়াচে পাকিস্তানের পরাজয়ের পিছনে এটা অবশ্যই একটা বড় ফ্য়াক্টর। কারণ ওদের যা অভিজ্ঞতা ছিল, সেটা দলের স্বার্থে কাজে লাগাতেই পারত। তবে আমি আবারও বলব, পাকিস্তানিদের তুলনায় ভারতীয় ক্রিকেটাররা অনেক বেশি পরিণত। কারণ ভারতে অনেক বেশি পরিমাণে টি-২০ টুর্নামেন্ট খেলা হয়। কিন্তু, পাকিস্তানে PSL ছাড়া অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলা হয় কি না, আমার জানা নেই। সেকারণে টিম ইন্ডিয়া ওদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। সকলেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
প্রশ্ন : তিলক বর্মা না কুলদীপ যাদব, ফাইনালের ম্য়াচ উইনার কে?
অনুষ্টুপ : আমি কুলদীপের তুলনায় তিলক বর্মাকেই খানিকটা এগিয়ে রাখব। কারণ, উইকেটটা সম্পূর্ণভাবে ব্য়াটিং সহায়ক ছিল না। তুলনামূলক অনেকটাই স্লো উইকেট ছিল। পাশাপাশি বাউন্ডারির দুরত্বও অনেকটা বেশি ছিল। প্রায় ৭০ থেকে ৭২ মিটারের। সেখানে তিলক বর্মার ইনিংসটাকেই আমি এগিয়ে রাখব। কারণ কম রানের মধ্যে যখন উইকেট পড়ে যায়, তখন একজন ব্যাটারের উপর অনেকটাই চাপ তৈরি হয়। রবিবারও সেটাই হয়েছিল। একটা সময় তো আস্কিং রেট ১০-এর উপরে চলে গিয়েছিল। সেই চাপটা নিয়ে তিলক শেষপর্যন্ত টিম ইন্ডিয়াকে জিতিয়ে ফিরেছে। সেইসঙ্গে শিবম দুবে এবং সঞ্জু স্যামসনকেও আমি কৃতিত্ব দেব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us