/indian-express-bangla/media/media_files/2025/11/16/gautam-gambhir-2-2025-11-16-16-00-07.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
Gautam Gambhir: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজে প্রথম ম্য়াচের আসর কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বসেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৩০ রানে হেরে যায়। এই পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ আঙুল তুলতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীরের দিকে। তাঁদের ধারণা গম্ভীরের একটি ভুল সিদ্ধান্তের কারণেই ভারতীয় ক্রিকেটকে আজ এমন লজ্জার মুখোমুখি হতে হচ্ছে। কী সেই সিদ্ধান্ত? আসুন, বিস্তারিত আলোচনা করা যাক।
সমস্যা মেটেনি তিন নম্বরের
বিগত দেড় বছরের মধ্যে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো একাধিক ক্রিকেটার যেমন অবসর গ্রহণ করেছেন, ঠিক তেমনই সুযোগ পেয়েছেন বেশকিছু নতুন মুখ। তবে একটা সমস্যার সমাধান আজও হয়নি। সেটা হল দলের তিন নম্বর পজিশন। এই স্লটে কে ব্যাট করতে নামবেন, সেটা এখনও পাকা করা যায়নি। রাহুল দ্রাবিড় ক্রিকেটার হিসেবে অবসর গ্রহণ করার পর এই দায়িত্বটা সামলে ছিলেন চেতেশ্বর পূজারা। একাধিক ম্য়াচে তিনি এমন লড়াই করেছিলেন, যা নিয়ে হয়ত রূপকথাও লেখা যেতে পারে। কিন্তু, একটা সময় সেই পূজারাকে টিম ইন্ডিয়ায় ব্রাত্য করে দেওয়া হল। তারপর যখন বুঝতে পারলেন যে টিম ইন্ডিয়ার দরজা তাঁর জন্য আর খুলবে না, তখন অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলেন। আর পূজারা অবসর গ্রহণ করতেই শুরু হল আসল খেলা। এই তিন নম্বরের ক্ষত আজও দগদগে হয়ে রয়েছে।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
কেন তিন নম্বরে ওয়াশিংটন?
গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করার পর এটা নিয়ে যথেষ্ট ভাবনাচিন্তা করেন। অবশেষে তিনি সুযোগ দেন করুণ নায়ারকে। ইংল্যান্ড সফরে গিয়ে নায়ার যারপরনাই ব্যর্থ হলেন। এরপর সেই জায়গায় নিয়ে আসা হল সাই সুদর্শনকে। সুদর্শনও সেভাবে নজর কাড়তে পারলেন না। অবশেষে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) এই তিন নম্বর পজিশনে সুযোগ দেন। আর এখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন। ওয়াশিংটনের মধ্যে কি আদৌ তিন নম্বরে ব্যাট করার মতো যোগ্যতা রয়েছে?
ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন সুন্দর?
আমরা সকলেই জানি, ওয়াশিংটন সুন্দর একজন বোলিং অলরাউন্ডার। লোয়ার মিডল অর্ডারে নেমে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা রান সংগ্রহ করতে পারেন। কিন্তু, ইডেন গার্ডেন্সে একেবারে অন্য ছবি দেখতে পাওয়া গেল। প্রথম ইনিংসে তিনি মাত্র এক ওভার বল করলেন। আর দ্বিতীয় ইনিংসে তো বল করতেই এলেন না। তাহলে প্রশ্নটা হল, এই দলে সুন্দরকে কী তাহলে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবেই নেওয়া হয়েছে? যদি সেটাই হয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স করা বাংলার অভিমন্যু ঈশ্বরণ কিংবা মুম্বইয়ের সরফরাজ খান কেন সুযোগ পাবেন না?
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
নজর কাড়তে পারলেন না ব্যাট হাতে
আর ব্যাট হাতেও যে ওয়াশিংটন এমন কিছু আহামরি পারফরম্য়ান্স করেছেন, তা কিন্তু একেবারেই নয়। প্রথম ইনিংসে ৮২ বল খেলে করেছিলেন ২৯ রান। আর দ্বিতীয় ইনিংসে ৯২ বল খেলে করলেন ৩১ রান। ইডেন গার্ডেন্সের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা ঠিক কতটা কঠিন, তা আমরা সকলেই জানি। ওয়াশিংটনকে তিন নম্বরে নামিয়ে যেটা সবথেকে বড় ক্ষতি হল, তিনি রানের গতিটা একেবারে কমিয়ে দিলেন। এই ৯২ বলে মাত্র দুটো বাউন্ডারি তাঁর ব্যাট থেকে দেখতে পাওয়া গিয়েছে। হতে পারে, সাই সুদর্শন তিন নম্বরে এখনও পর্যন্ত নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু, ওই জায়গায় যদি সুদর্শনকেও খেলাতেন গম্ভীর, তাহলেও রানের গতি কিছুটা হলেও মসৃণ হল। যতই হোক, একটা দিক রানের ঝাঁপি যদি একেবারে বন্ধ করে দেয়, তাহলে উলটো ব্যাটারের উপর চাপ পড়বেই। ইডেনেও সেই দৃশ্যটাই দেখা গেল। ওয়াশিংটনের ওই শ্লথ ব্যাটিংয়ের কারণেই সেভাবে হাত খুলতে পারলেন না রবীন্দ্র জাদেজা কিংবা ধ্রুব জুরেল।
এবার প্রশ্ন, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচেও কী ওয়াশিংটনকেই তিন নম্বরে ব্যাট করতে পাঠাবেন গম্ভীর? কারণ গুয়াহাটির বরসাপাড়া টেস্টেও শুভমান এখনও অনিশ্চিত রয়েছেন। ফলে তিন এবং চার নম্বর ব্যাটিং স্লট ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের চিন্তা বাড়াবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us