/indian-express-bangla/media/media_files/2025/08/17/hamid-1-2025-08-17-10-34-02.jpg)
ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ আহদাদ
East Bengal FC: সোমবার ভর সন্ধ্যায় চূড়ান্ত খারাপ খবর পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, হামিদ আহদাদের (Hamid Ahadad) সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি ছিন্ন করা হল। এই ঘটনায় লাল-হলুদ সমর্থকদের একাংশ যে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন তা বলা যেতেই পারে।
প্রসঙ্গত, চলতি মরশুমের শুরুতেই ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছিলেন হামিদ আহদাদ। শুরুর দিকে তিনি দলের আক্রমণভাগে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বেশ কয়েকটি দুর্ধর্ষ গোলে সমর্থকদের হৃদয়ে জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু, তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই নজর কাড়তে পারছিল না। এমনকি, শেষের কয়েকটা ম্যাচে দলের প্রথম একাদশেও সুযোগ পাননি তিনি। সব মিলিয়ে অস্কারের গুডবুকে যে হামিদ ছিলেন না, তেমন গুঞ্জন ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছিল। অবশেষে মাত্র ছয় মাসের মধ্যেই হল মোহভঙ্গ।
আরও পড়ুন-Hamid Ahadad East Bengal: হামিদই লাল-হলুদের নয়া 'মুসাফির'! ঘোরাতে পারবেন ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা?
ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, পারিবারিক কারণেই ইস্টবেঙ্গল ক্লাব ছাড়লেন হামিদ আহদাদ। এই সময়টা হামিদ নিজের পরিবারের সঙ্গে কাটাতে চান। ক্লাব হিসাবে ইস্টবেঙ্গল চায়, ফুটবলাররা মাঠের বাইরেও ভালো থাকুন। তাই হামিদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই সম্পর্ক শেষ হচ্ছে। তাঁর পরিবর্ত খোঁজার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন-East Bengal Win: ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া, IWL-য়ে আগুন জ্বালালেন মশাল গার্লস
উল্লেখ্য, মরক্কোর এই স্ট্রাইকারের সঙ্গে এক বছরের চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। চুক্তির মেয়াদ ছিল চলতি বছর জুলাই মাস পর্যন্ত। কিন্তু, তার আগেই হামিদ দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। যদিও অনেকে মনে করছেন, আইএসএল অনিশ্চয়তার কারণে আহদাদ এই সিদ্ধান্ত গ্রহণ করলেন।
ইস্টবেঙ্গলের অনুশীলন
এদিকে ইন্ডিয়ান সুপার লিগের জট কিছুটা হলেও ছাড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই টুর্নামেন্ট আবার স্বমহিমায় শুরু হবে। আর সেকথা মাথায় রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করে দিলেন লাল হলুদের হেড স্যার অস্কার ব্রুজোঁ। উল্লেখ্য, এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই পাশাপাশি অনুশীলন চালাল। যদিও এই প্র্যাকটিস সেশনে নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি ছিল। সাংবাদিকদের কোনও ছবি তুলতে দেওয়া হয়নি। তবে লাল হলুদের অনুশীলনে তিন বিদেশি ফুটবলারকে দেখতে পাওয়া গেল। সল ক্রেসপো, হিরোশি ইবুসুকি এবং মহম্মদ রশিদ চুটিয়ে অনুশীলন সারলেন। আইএসএল টুর্নামেন্টকে লক্ষ্য করেই যে অস্কার এগোতে চাইছেন, তা আলাদা করে বলার দরকার পড়বে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us