/indian-express-bangla/media/media_files/2025/12/09/indian-cricket-team-47-2025-12-09-22-53-32.jpg)
ভারতীয় ক্রিকেট দল
India vs Sri Lanka: সাইক্লোন ঝড়ে কার্যত তছনছ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। দেশের আর্থিক পরিকাঠামোও একেবারে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল। বিসিসিআই (BCCI) ঘোষণা করেছে, ২০২৬ সালে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যখন শ্রীলঙ্কা সফরে যাবে, সেইসময় একটি অতিরিক্ত টি-২০ সিরিজ খেলবে। শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্য়ান শামি সিলভা শুক্রবার (২ জানুয়ারি) এই খবরে সিলমোহর দিয়েছেন।
শামি সিলভার কথা অনুসারে, সম্প্রতি ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কিছুটা পুনরুদ্ধারের জন্যই এই সিরিজের আয়োজন করা হচ্ছে। এই সিরিজ থেকে যে টাকা উঠবে, তা ঝড় বিধ্বস্ত এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৬ সালের অগাস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া। এই সফরে প্রাথমিকভাবে টেস্ট ম্য়াচের (২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র) পরিকল্পনা করা হয়েছিল। এবার তার সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচও যুক্ত করা হচ্ছে। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের কাছে এই সফরের মেয়াদ কিছুটা হলেও দীর্ঘায়িত হবে। এই সিরিজের উপার্জন থেকে উদ্ধারকার্য চালানো সম্ভব হবে। পাশাপাশি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের রাজস্বের পরিমাণও বৃদ্ধি পাবে।
শামি সিলভা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে নাকি আগেই সাহায্যের ইচ্ছা প্রকাশ করা হয়েছিল। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে শামি সিলভা বলেছেন, 'আমাদের আর্থিক সাহায্য করার জন্য ডিসেম্বর মাসের শেষদিকে ২ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু, এই সিরিজ আয়োজনের জন্য আমরা পর্যাপ্ত সময় পাইনি। বিশেষ করে কোনও সম্প্রচারকারী সংস্থা রাজি হয়নি।' অর্থাৎ, লজিস্টিক্যাল সমস্যার কারণেই ২০২৫ সালের শেষদিকে এই সিরিজ আয়োজন করা সম্ভব হয়নি। এবার ২০২৬ সালের অগাস্ট মাসে তা আয়োজন করা হবে। সঠিক সময়ে এই সিরিজের তারিখ এবং সময় ঘোষণা করা হবে।
গত নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল শ্রীলঙ্কা
২০২৫ সালে নভেম্বর মাসের শেষদিকে শ্রীলঙ্কায় আছড়ে পড়েছিল প্রবল ঘূর্ণিঝড়। অনেকেই বলছেন, ২০০৪ সালে সুনামির পর এত বড়মাপের প্রাকৃতিক বিপর্যয় আগে কখনও হয়নি। উল্লেখ্য, এই ঝড়ের গতিবেগ হয়ত খুব বেশি ছিল না। কিন্তু, এর গতিপথ এবং প্রবল বৃষ্টিপাত, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us