Indian Hockey Team: শুধুমাত্র ক্রিকেট নয়, হকিতেও আরেক অধিনায়ক রোহিত! নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপে

Indian Hockey Team: শুরু হয়ে গিয়েছে যুব হকি বিশ্বকাপ। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার থেকে ভাল পারফরম্য়ান্সের প্রত্যাশা করা হচ্ছে। গোটা দেশ আপাতত তাকিয়ে রয়েছে হকি দলের দিকে।

Indian Hockey Team: শুরু হয়ে গিয়েছে যুব হকি বিশ্বকাপ। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার থেকে ভাল পারফরম্য়ান্সের প্রত্যাশা করা হচ্ছে। গোটা দেশ আপাতত তাকিয়ে রয়েছে হকি দলের দিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Mohil

ভারতীয় যুব হকি দলের অধিনায়ক রোহিত মোহিল

Indian Hockey Team: শিরোনামটা পড়ে খানিক অবাক হলেন তো? অবাক হওয়ারই কথা। ক্রিকেটের আতিশয্যে ভারতের যে খেলাগুলো ক্রমশ প্রচারের অন্ধকারে ডুবতে বসেছে, তার মধ্যে রয়েছে হকিও। রুপোলি পর্দায় যতই শাহরুখ খান এই খেলাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করুন না কেন, বাস্তবের ছবিটা একেবারেই আলাদা। নাহলে আমাদের দেশেই যেখানে যুব হকি বিশ্বকাপের আসর বসেছে, সেই খবরটা এখনও অনেকের কাছেই অজানা। আর এই বিশ্বকাপে যিনি ভারতীয় হকি দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁর নাম রোহিত মোহিল।

Advertisment

Indian Hockey Team: কোন অঙ্কে এশিয়া কাপ ফাইনালে খেলবে ভারত? চিনের বিরুদ্ধে হারতেই...

বয়স মাত্র ২১ বছর। কিন্তু, তাতে কী! ডাবরার এই তরুণ প্রতিভাই গোটা দেশের স্বপ্নকে নতুন করে উজ্জ্বীবিত করার চেষ্টা করছেন। আর সেই স্বপ্নের সারথী টিম ইন্ডিয়ার ডিফেন্ডার এই রোহিত। যদিও টিম ইন্ডিয়ার হকি অধিনায়কের সামনে রাস্তা খুব একটা সহজ ছিল না। মাত্র ১০ বছর বয়সেই হাতে ধরেছিলেন হকি স্টিক। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি গ্রামেই অনুশীলন করেন। এরপর তাঁকে চণ্ডীগড় অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। সেখান থেকে আর অবশ্য তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর অনুশীলনের জন্য তিনি বেঙ্গালুরু ক্যাম্পে যোগ দেন।

Advertisment

Indian Hockey Team: হকি বিশ্বকাপে ভারতের মার্কশিট কেমন, লেটার মার্কস না ডাঁহা ফেল?

রোহিতের কথায়, 'ছোটবেলা থেকে হকি সম্পর্কে খুব একটা ধারণা আমার ছিল না। কিন্তু, আমার খুড়তুতো দাদা প্রায়শই হকি খেলত। প্রথমদিকে আমি মাঠের বাইরেই বসে থাকতাম। ১৫-২০ দিন খেলাটাকে ভালভাবে পর্যবেক্ষণ করেছি। তারপর আমি নিজে খেলতে শুরু করি। ধীরে ধীরে এই খেলার প্রতি আমার আগ্রহ জন্মায়।'

এরপর তিনি বলেন, 'প্রথমদিকে কয়েকটা মাস আমি গ্রামেই অনুশীলন করি। তারপর চণ্ডীগড়ের সেক্টর ৪২ হকি অ্যাকাডেমিতে ট্রায়াল দিতে যাই। সেখানে কোচ গুরমিন্দর সাহেব আমাকে নিয়ে ৭ বছর যথেষ্ট খাটা-খাটনি করেন। উনিই আমাকে একেবারে শূন্য থেকে আজ এই জায়গায় নিয়ে এসেছেন। শেষপর্যন্ত জুনিয়র জাতীয় দলে আমি নির্বাচিত হই।'

পরিবারের আর্থিক অবস্থা কোনওকালেই স্বচ্ছল ছিল না। এমনকী, এই খেলার ব্যাপারে তাঁর বাবারও খুব একটা জ্ঞান ছিল না। কিন্তু, হকি ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। পুরনো স্মৃতি হাতড়ে রোহিত বলেন, 'আমি নিজেই দায়িত্ব নিয়ে এই খেলাটা চালিয়ে যাই। পরিবার যতটুকু সম্ভব সাপোর্ট করার চেষ্টা করেছে। কিন্তু, কেউই ভাবতে পারেনি যে আমি একদিন দেশের হয়ে খেলবে। এটা শুধুমাত্র আমার স্বপ্ন ছিল। শুরুর দিকে কিছুটা আর্থিক প্রতিবন্ধকতা আসে। তবে আমার মনে হয়, ভারতবর্ষে প্রত্যেক হকি তারকাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। খেলার সরঞ্জাম যথেষ্ট মূল্যবান। সেকারণে আমরা ২৫০-৩০০ টাকার হকি স্টিকেই চুটিয়ে খেলতাম। এই সময় চণ্ডীগড় অ্যাকাডেমি আমাকে খুব সাহায্য করেছিল। স্টিক কিনে দেওয়ার পাশাপাশি ডায়েটের উপরেও কড়া নজর রেখেছিল।' 

একনজরে রোহিতের সাফল্য:

  • ২০২৪ সালে সুলতান জহর কাপে ব্রোঞ্জ় পদক।
  • ২০২৪ সালে জুনিয়র এশিয়া কাপে সোনার পদক।
  • ২০২৫ সালে জাতীয় গেমসে অংশগ্রহণ।

আজ কিছুটা হলেও রোহিতের পরিবারে আর্থিক সংস্থান হয়েছে। ২০২৪ সালে ক্রীড়া কোটায় তিনি রেলওয়েতে টিকিট পরীক্ষকের কাজ পেয়েছেন। আপাতত পোস্টিং ঝাঁসিতে। জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে রোহিত ইতিমধ্যে একাধিক পদক জয় করেছেন। ইতিপূর্বে ২ বার তিনি ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্বও সামলেছেন। এবার আশা করা হচ্ছে, তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিততে পারবে।

Indian Hockey Team