/indian-express-bangla/media/media_files/2025/12/15/abhimanyu-easwaran-2025-12-15-17-28-51.jpg)
বাংলার তারকা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ
IPL 2026 Auction: ২০২৬ আইপিএল নিলামের প্রস্তুতি আপাতত জোরকদমে চলছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে বেশ কয়েকজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তবে তালিকায় একাধিক ক্রিকেটার আনসোল্ড রয়ে যাবেন। ইতিমধ্যে ভারতের একজন ক্রিকেটার আচমকা অকশন লিস্টে এন্ট্রি নিয়েছেন। যদিও এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ তিনি পাননি।
এখনও পর্যন্ত ভারতের হয়ে ডেবিউ করেননি অভিমন্যু ঈশ্বরণ
গত কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেট দল লাগাতার টেস্ট সিরিজ খেলছিল। অধিনায়ক রোহিত শর্মা অবসর গ্রহণ করলেও, ভারতীয় ক্রিকেট স্কোয়াডে সুযোগ পাননি অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। যদিও তিনি গত কয়েকবছর ধরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেই ঘুরছেন। কিন্তু, কখনও প্রথম একাদশে সুযোগ পাননি। এবার আইপিএল নিলামে তাঁকে দেখতে পাওয়া যাবে।
আচমকা যোগ করা হল অভিমন্যুর নাম
মজার ব্যাপার হল, আইপিএল নিলামের জন্য অভিমন্য়ু ঈশ্বরণ আগেই নিজের নাম নথিভূক্ত করেছিলেন। কিন্তু, বিসিসিআই যখন ক্রিকেটারদের নাম ঝাড়াই-বাছাই করে, সেইসময় আচমকা তাঁর নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। সেকারণে তিনি বেশ খানিকটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে এবার নিলামের সময় কাছাকাছি আসতেই অভিমন্যুর নাম ফের একবার এই তালিকায় যুক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে নিলাম অনুষ্ঠানে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি তাঁর প্রতি আগ্রহ দেখায় কি না, সেটাই আপাতত বিচার্য বিষয়।
Abhimanyu Easwaran: টিম ইন্ডিয়ায় শিষ্যের সিলেকশনে বুক চওড়া গুরুর! কী বললেন তরুণ তারকার কোচ?
টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত অভিমন্যুর রেকর্ড
ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত অভিষেক করতে না পারলেও অভিমন্যু ঈশ্বরণের টি-২০ রেকর্ড কিন্তু যথেষ্টই ভাল। এখনও পর্যন্ত তিনি ৪০ টি-২০ ম্য়াচে মোট ১,২৪২ রান করেছেন। ইতিমধ্যে তিনি জোড়া শতরানের পাশাপাশি ৬ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-২০ ক্রিকেটে অভিমন্যুর ব্যাটিং গড় ৩৮.৮১ এবং ১৩২.৯৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন। এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট খেলেননি অভিমন্যু ঈশ্বরণ। মঙ্গলবার যদি কোনও ফ্র্যাঞ্চাইজ়ি তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করে, তাহলে এই প্রথমবার তিনি আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবেন। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেলছেন অভিমন্যু। এই টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে বেশ কয়েকটা নজরকাড়া ইনিংস খেলেছেন। এরপরই আচমকা তাঁর নাম লিস্টে যোগ করা হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us