/indian-express-bangla/media/media_files/2025/12/15/lionel-messi-and-narendra-modi-2025-12-15-10-19-19.jpg)
লিওনেল মেসি এবং নরেন্দ্র মোদী
Lionel Messi And Narendra Modi Meeting: বর্তমানে ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। সোমবার (১৫ ডিসেম্বর) তিনি দিল্লিতে আসবেন। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। এটাই মেসির ভারত সফরের অন্তিম গন্তব্য হতে চলেছে।
ইতিপূর্বে, রবিবার দুপুরবেলা তিনি মুম্বইয়ে পা রেখেছিলেন। সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে 'ওয়ার্ল্ড কাপ-লেভেল'-এর নিরাপত্তা দেওয়া হয়েছিল। এটা ছিল মেসির ভারত সফরের দ্বিতীয় দিন।
যাইহোক, সোমবার সকাল ১০টা বেজে ৪৫ মিনিট নাগাদ মেসি দিল্লিতে আসবেন। শহরের একটি পাঁচতারা হোটেলে ৫০ মিনিটের 'মিট অ্যান্ড গ্রিট' সেশন রাখা হয়েছে। এরপর ২০ মিনিট আলোচনার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য তাঁর বাসভবনে যাবেন।
এরপর আর্জেন্টিনার এই নক্ষত্র ফুটবলার এক সাংসদের বাসভবনে যাবে। সেখানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাসিনো। এছাড়া দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও দেখা করবেন।
অরুণ জেটলি স্টেডিয়ামে একাধিক অনুষ্ঠান
এই সাক্ষাৎ-পর্ব শেষ হওয়ার পর মেসি অরুণ জেটলি স্টেডিয়ামে আসবেন। এখানে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ফুটবল আইকন অরুণ জেটলি স্টেডিয়ামে পা রাখবেন। সেকারণে জমকালো অভ্যর্থনা আয়োজন করা হচ্ছে। এরপর একটি মিউজ়িক পারফরম্য়ান্স হবে। রয়েছে একটি প্রীতি ফুটবল ম্য়াচের কথাও। সেখানে বেশ কয়েকজন সেলিব্রিটিকে দেখতে পাওয়া যাবে।
পাশাপাশি একটি ফুটবল ক্লিনিকের আয়োজন করা হচ্ছে। সেখানে ২২ জন তরুণ ফুটবলার অংশগ্রহণ করবে। এটা চলবে ৩:৫৫ থেকে ৪:১৫ পর্যন্ত। এরপর মাঠের মাঝখানে আসবেন মেসি। সেখানে ২ ভারতীয় ক্রিকেটার তাঁর হাতে উপহার তুলে দেবেন। আর মেসিও তাঁদের হাতে তুলে দেবেন একটি করে সই করা জার্সি।
ইতিমধ্যে দিল্লি ট্রাফিক পুলিশ ঘোষণা করে দিয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। অরুণ জেটলি স্টেডিয়ামে আশপাশে কোনও গাড়ি পার্ক করা যাবে না। যদি তা করা হয়, তাহলে মোটা অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে। সেক্ষেত্রে সাধারণ দর্শকদের মেট্রো এবং বাসে চেপে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us