/indian-express-bangla/media/media_files/2025/12/21/sameer-minhas-2025-12-21-15-23-56.jpg)
বৈভব সূর্যবংশীর চেয়েও আগুনে ব্যাটিং
Sameer Minhas Profile: পাকিস্তানের উদীয়মান ক্রিকেট তারকা সমীর মিনহাস ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট মহলের নজর কেড়েছেন। বৈভব সূর্যবংশীর থেকেও দ্রুত গতিতে ব্যাট করা এই ডানহাতি ব্যাটসম্যান ভারতের বিরুদ্ধে ফাইনালে একাই ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে সমীর মিনহাসকে নিয়ে কৌতূহল তুঙ্গে।
২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সমীর মিনহাস মাত্র ১১৩ বলে ১৭২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। মাত্র ৭১ বলে শতরান পূর্ণ করে তিনি নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমাণ দেন। সমীরের এই ইনিংসের ভর করেই পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৭ রান তোলে এবং শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করে।
এর আগেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন সমীর। সেই ম্যাচে তিনি ১১টি চার ও ৮টি ছক্কা মারেন। এই পারফরম্যান্সের মাধ্যমেই টুর্নামেন্টের শুরু থেকে নিজের দাপট দেখান তিনি। এছাড়াও, ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে অপরাজিত ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই তরুণ ব্যাটসম্যান।
বর্তমানে ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক সমীর মিনহাস। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তাঁকে পাকিস্তানি ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে। শক্তিশালী ব্যাটিংয়ের পাশাপাশি তিনি লেগ ব্রেক বোলিংও করে থাকেন, যা তাঁকে একজন কার্যকর অলরাউন্ড ক্রিকেটারে পরিণত করেছে।
সমীর মিনহাসের পরিবারেও রয়েছে ক্রিকেটের ঐতিহ্য। তাঁর বড় ভাই আরাফাত মিনহাসও একজন ক্রিকেটার এবং ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গত বছর আরাফাত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
১৯ বছর বয়সি সমীর মিনহাসের জন্ম ২০০৬ সালের ২ ডিসেম্বর পাকিস্তানের মুলতানে। অল্প বয়সেই নিজের প্রতিভার ছাপ রেখে তিনি পাকিস্তানি ক্রিকেটে শক্ত জায়গা করে নিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বর্তমান ফর্ম বজায় রাখতে পারলে খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে এই তরুণ তারকার।
আরও পড়ুন- সমীর মিনহাস ১৭২, ভারতের সামনে ৩৪৮ রানের লক্ষ্য রাখল পাকিস্তান!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us