/indian-express-bangla/media/media_files/2025/12/14/sachin-and-messi-2025-12-14-20-36-56.jpg)
শচীন এবং মেসি: বাঁধিয়ে রাখার মতো একটি ফ্রেম
Sachin Tendulkar and Lionel Messi: রবিবার (১৪ ডিসেম্বর) মুম্বই সফরে গিয়েছেন আর্জেন্টিনা ফুটবলের কিংবদন্তী নক্ষত্র লিওনেল মেসি। বিকাল ৫টায় মুম্বইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান তিনি। সেখানে হাজির ছিলেন ভারতীয় 'ক্রিকেটের ঈশ্বর' শচীন তেন্ডুলকর। মেসিকে পাশে পেয়ে উচ্ছ্বসিত শচীন। বললেন, লিওনেল মেসির মুম্বই আগমন এই শহর তথা গোটা দেশের কাছে এক স্বর্ণালী মুহূর্ত।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার কলকাতা সফরে এসেছিলেন মেসি। কথা ছিল, সেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করবেন। কিন্তু, ম্যানেজমেন্টের অপদার্থতার কারণে গোটা অনুষ্ঠানই ভেস্তে যায়। আর মেসিকে পাশে পাওয়ার সুযোগ হারান মহারাজ। এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। আলাদা করে আর কিছু বলার নেই।
আপনাদের হয়ত মনে আছে, এই একই মাঠে ২০১১ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল টিম ইন্ডিয়া। সেই ঘটনার সঙ্গে মেসির তুলনা টানলেন শচীন। মেসি ছাড়াও এই অনুষ্ঠানে উরুগুয়ের প্রখ্যাত স্ট্রাইকার লুই সুয়ারেজ এবং বিশ্বকাপজয়ী ফুটবলার রডরিগো ডি পল।
Sachin Tendulkar BCCI President: আরও দানা বাঁধছে রহস্য! আদৌ বিসিসিআই সভাপতি হবেন শচীন?
২০১১ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ
শচীনের কথায় উঠে এল ২০১১ সালের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ। এই খেতাব জিততে মাস্টার-ব্লাস্টারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শত সেঞ্চুরির মালিক বললেন, 'এই মাঠে আমি কেরিয়ারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটিয়েছি। আমরা সকলেই জানি, মুম্বইকে বলা হয় স্বপ্ননগরী। আর এই ভেন্যুতেই আমি একাধিক স্বপ্ন পূরণ হতে দেখেছি। আপনাদের সমর্থন ছাড়া ২০১১ সালের বিশ্বকাপ জয় কখনই সম্ভব হত না।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আর আজ এই তিনজনকে একসঙ্গে পেয়ে মুম্বই, মুম্বইবাসী এবং গোটা দেশের কাছে একটা স্বর্ণালী মুহূর্ত তৈরি হয়েছে। যেভাবে আপনারা ওঁদের অভ্যর্থনা জানিয়েছেন, তা এককথায় অভূতপূর্ব।'
এরপর মেসিকে নিয়ে আলাদা করে মুখ খুললেন শচীন। মাস্টার-ব্লাস্টার বললেন, 'আর যদি লিও-র কথা আলাদা করে বলতে হয়, যদি আমি ওঁর খেলার ব্যাপারে বলতে চাই, তাহলে এটা একেবারে সঠিক মঞ্চ হবে না। উনি কী অর্জন করেছেন জানেন? এককথায় সবকিছু। ওঁর ডেডিকেশন, ডিটারমিনেশন এবং কমিটমেন্টকে আমরা শ্রদ্ধা করি।'
কী উপহার দিলেন শচীন?
এই অনুষ্ঠানে মেসির হাতে সই করা ১০ নম্বর একটি জার্সি তুলে দেন শচীন। অবশেষে বললেন, 'সর্বোপরি, ওঁর বিনয়ী স্বভাবই আরও মহান করে তুলেছে। মুম্বইবাসী এবং গোটা ভারতীয় পক্ষ থেকে আমি মেসি এবং ওঁর পরিবারের সুস্বাস্থ্য এবং আনন্দময় জীবন কামনা করি। এখানে আসার জন্য এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য আমি আরও একবার জানাতে চাই।' আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক শচীনের হাতে একটি ফুটবল তুলে দেন।
আজ দুপুরবেলা মুম্বই এসে পৌঁছন মেসি। চারিদিকে ছিল নিরাপত্তার কড়া বেষ্টনী। ২০২৫ G.O.A.T ইন্ডিয়া ট্যুর দ্বিতীয় দিনে পা রাখল। আগামীকাল অর্থাৎ সোমবার (১৫ ডিসেম্বর) তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us