Sourav Ganguly and Shah Rukh Khan: প্রতিদিন সকালে কেন আয়নার সামনে দাঁড়াতেন শাহরুখ? 'গোপন কথা' শেয়ার করেছিলেন সৌরভকে

Sourav Ganguly: ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন। বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন।

Sourav Ganguly: ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন। বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন।

author-image
Koushik Biswas
New Update
Shah Rukh Khan and Sourav Ganguly

শাহরুখ খান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: একজন কিং অফ বলিউড। আর অন্যজন প্রিন্স অফ ক্যালকাটা। শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক যে আজও অমলিন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে সৌরভকে যখন বাদ দেওয়া হয়েছিল, তখন অনেকেই মনে করেছিলেন যে এই সম্পর্কে হয়ত চিড় ধরবে। কিন্তু, তেমন দৃশ্য একেবারেই দেখতে পাওয়া যায়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে 'দাদা' জানিয়েছেন, বলিউড বাদশার একটি কথাই তাঁর গোটা জীবন বদলে দিয়েছিল। কী বলেছিলেন শাহরুখ, আসুন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

সালটা ছিল ২০০৮। তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে একটি 'সদ্যোজাত' টুর্নামেন্ট সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে। টুর্নামেন্টের প্রথম বছরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইকন প্লেয়ারের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিল। সেই বছরের একটি অজানা গল্প শেয়ার করলেন মহারাজ। 

কী বললেন সৌরভ?

সৌরভের কথায়, 'আমাদের মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তখন আমি শাহরুখকে বলি যে আমাদের তুলনায় তোমার জীবন অনেক ভাল। কারণ তোমার জীবন বাইরে থেকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। আমাদের জীবন অনেকটাই নির্বাচকদের হাতে থাকে। ভাল খেলার পরও যদি নির্বাচকদের পছন্দ না হয়, তাহলে জাতীয় দলের রাস্তাটা তুলনামূলক অনেকটাই কঠিন হয়ে যায়। কিন্তু, তুমি ভাল অভিনয় করলে তোমার সিনেমা চলবেই।'

আরও পড়ুন-Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!

জবাবে শাহরুখ বলেন, 'আমি যখন প্রথমবার বম্বেতে (অধুনা মুম্বই) আসি, তখন আমি খুবই সাধারণ মানুষ ছিলাম। দিল্লি থেকে এসেছিলাম। দেখতে একেবারেই ভাল ছিলাম না। হৃতিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না। সলমান খানের মতো অত প্রতিভাবান ছিলাম না। কোনও নামজাদা পরিবারে জন্মগ্রহণ করিনি যে হেসেখেলে বলিউডে সুযোগ পাব।'

আরও পড়ুন- Sourav Ganguly: 'ওয়েল ডান...', গুয়াহাটিতে ভারত হারতেই গম্ভীরকে 'খোঁচা' সৌরভের

সঙ্গে আরও যোগ করেন, 'মুম্বইয়ে থাকার কোনও জায়গা ছিল না। পরিচিত এক বন্ধুর এক কামরার ফ্ল্যাটে থাকতাম। তবে একটা কথা সবসময় মনে রাখতাম যে আমাকে বলিউডের এক নম্বর অভিনেতা হতে হবে।' সৌরভ জানালেন, এরপর বিভিন্ন ক্রিকেটাররা শাহরুখকে বিভিন্ন প্রশ্ন করছিলেন। তাঁদের মধ্যেই কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, 'আপনি যে এতগুলো কথা বললেন, তাহলে সাফল্যটা পেলেন কীভাবে?'

Sourav Ganguly on Gautam Gambhir: ইডেন টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সৌরভের

চমকে দেওয়ার মতো জবাব শাহরুখের

প্রশ্নের উত্তর দেওয়ার আগে শাহরুখ মুচকি হেসে কয়েক সেকেন্ড চুপ করে থাকেন। এরপর বলেন, 'আমার কাছে হয়ত কিছুই ছিল না। তবে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতাম। এরপর নিজেই নিজেকে বলতাম, আমার মধ্যে যেটুকু ক্ষমতা থাকুক না কেন, সেটা নিয়েই আমি সেরার সেরা হতে পারি।' আর এই কথাটাই সৌরভের মন ছুঁয়ে যায়। তিনি জানান, আজীবন এই কথাটা মনে রাখবেন।

আরও পড়ুন- Sourav Ganguly on Gautam Gambhir: ভারতের লজ্জার হারে বিরাট প্রশ্ন সৌরভের, গম্ভীরদের জয়ে ফিরতে কি টোটকা মহারাজের?

ভাইরাল হওয়া ওই ভিডিওর শেষকালে সৌরভ বলেন, 'তাই আমিও বলি যে প্রত্যেকেই প্রতিভাবান। প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আলাদা আলাদা ক্ষমতা দিয়েছেন। আর এই প্রতিভাকে কীভাবে কাজে লাগাতে পারবে, সেটার উপরেই তোমার সাফল্য নির্ভর করবে।'

Sourav Ganguly Kolkata Knight Riders Shah Rukh khan