/indian-express-bangla/media/media_files/2025/04/21/sNuMqog6ec5ke61eW8of.jpg)
হোয়াটসঅ্যাপে ভুলেও এই ছোট্ট কাজটি করবেন না
WhatsApp Tips: হোয়াটসঅ্যাপ এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। চ্যাটিং, ছবি–ভিডিও শেয়ারিং থেকে শুরু করে কল, সবকিছুই এই অ্যাপের মাধ্যমে সহজেই করা যায়। তবে অসাবধানতাবশত হোয়াটসঅ্যাপে কিছু কাজ করে ফেললে সেটি আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ভুলভাবে কোনও বার্তা পাঠানো বা শেয়ার করা বড় বিপদের কারণ হতে পারে, এমনকি জেলও হতে পারে। তাই হোয়াটসঅ্যাপে কোন কাজগুলি করা উচিত নয়, তা জানা অত্যন্ত জরুরি।
হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়ালে গ্রেপ্তারও হতে পারেন
হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করা খুবই সাধারণ বিষয়। কিন্তু যদি বার্তায় ভুল তথ্য, গুজব, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনও কনটেন্ট থাকে, তাহলে তা বড় ধরনের অপরাধ হিসেবে ধরা হয়। ভারতে আইটি অ্যাক্ট এবং আইপিসির বিভিন্ন ধারায় ভুয়ো খবর ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। কোনও ফরোয়ার্ড করা বার্তা যদি কারও অনুভূতিতে আঘাত করে, দাঙ্গা ছড়ায় বা কারও মানহানি ঘটায়, তবে পুলিশ মামলা দায়ের করতে পারে। এমন বহু ঘটনা আছে যেখানে শুধুমাত্র ফরোয়ার্ড করা বার্তার জন্যই লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আপত্তিকর ছবি বা ভিডিও পাঠানো সাইবার অপরাধ
হোয়াটসঅ্যাপে প্রায়ই কেউ রসিকতা হিসেবে অশ্লীল বা আপত্তিকর ছবি–ভিডিও পাঠিয়ে দেন। কিন্তু এটি আইনের চোখে গুরুতর সাইবার অপরাধ। কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করা, কারও ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে কনটেন্ট পাঠানো অথবা অশ্লীল বিষয়বস্তু ছড়ানো এসবই আইটি অ্যাক্টের ৬৭ নম্বর ধারায় দণ্ডনীয়। এর জন্য জেল এবং জরিমানা, দুটিই হতে পারে।
হুমকিমূলক বার্তার পরিণতি ভয়াবহ
হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে ভয় দেখানো, হুমকি দেওয়া বা ব্ল্যাকমেইল করাও আইনের চোখে অপরাধ। রাগের মাথায় পাঠানো এমন কোনও বার্তাও পুলিশের মামলা, জেল ও কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। আইপিসির একাধিক ধারায় এই ধরনের বার্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সতর্ক থাকুন
হোয়াটসঅ্যাপে পাঠানো প্রতিটি বার্তা, ছবি বা ভিডিও একটি ডিজিটাল প্রমাণ, এটি ভুলে যাওয়া ঠিক নয়। সামান্য অসর্তকতায় একটি ভুল আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সর্বদা যাচাই করে মেসেজ পাঠান, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না এবং কোনও সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন।
আরও পড়ুন-ইউটিউবে গোল্ডেন বাটন পেলে কত আয় করেন একজন ক্রিয়েটর? জানলে চাকরি ছেড়ে ভিডিও বানাতে শুরু করবেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us