/indian-express-bangla/media/media_files/2025/12/13/manik-saha-2025-12-13-15-42-52.jpg)
Manik Saha: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মধ্যপ্রদেশের রায়পুরে সম্প্রতি অনুষ্ঠিত সারা দেশের রাজ্য পুলিশগুলির মহানির্দেশক, ইন্সপেক্টর জেনারেলদের সঙ্গে বৈঠকের পর আগরতলায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বিভিন্ন রাজ্যগুলির আভ্যন্তরীণ এবং বহিরাগত বিপদের কথা আলোচনা করেছেন এবং গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জনকেন্দ্রিক পুলিশ ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন।
বিভিন্ন রাজ্যে ক্রমবর্ধমান আভ্যন্তরীণ এবং বহিরাগত সমস্যা, বিপদ ইত্যাদির প্রসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য উল্লেখ করে তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে পেশাদারিত্ব, মাদক পাচার বিরোধিতা, আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করা এবং অভ্যন্তরীণ সুরক্ষার বিভিন্ন দিক শক্তিশালী করার মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য আগামী দিনে কাজ করার প্রয়োজন রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বও রয়েছে ড. মানিক সাহার হাতেই।
রাজ্যে ও সারাদেশে বিভিন্ন প্রান্তে সংগঠিত অপরাধের সংখ্যা বাড়ছে এবং এসবের পেছনে অনেক ক্ষেত্রেই প্রতিবাদ বিক্ষোভ ইত্যাদির আড়ালে বিভিন্ন এনজিওর মাধ্যমে বিদেশি পুঁজি রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে বলেও দাবি করেছেন তিনি।
"বিভিন্ন দিক থেকে আক্রমনের মুখে রয়েছে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা। অরাজকতা তৈরি করার জন্য কিভাবে বিভিন্ন এনজিওকে কিছু বৈদেশিক রাষ্ট্র অর্থনৈতিক ও সহায়তা সংক্রান্ত সাহায্য যোগান দিচ্ছে, আমরা স্পষ্টভাবে সেগুলো দেখতে পাচ্ছি। (রায়পুরের) এই সমস্ত বিষয় নিয়ে গভীর আলোচনা করা হয়েছে কারণ এ সমস্ত সমস্যাকে সামনে থেকে মোকাবেলা করছে পুলিশ বাহিনী," বলেছেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন নতুন ভারত এবং নতুন ত্রিপুরা গঠন করতে গেলে কেউ যেভাবে মহাভারত বা রামায়ন প্রত্যেকদিন পাঠ করে, সেভাবেই প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করা উচিত।
মহাভারত কিংবা রামায়ণের প্রত্যেকটি শব্দ জীবন নতুন ধারণার জন্ম দেয়, তেমনি প্রধানমন্ত্রীর রাষ্ট্র গঠনের ভাবনার অনেক নতুন অর্থ বেরিয়ে আসে, বলেছেন তিনি। অঞ্চলভিত্তিক পুলিশ ব্যবস্থা এবং বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব নিরাপত্তা রক্ষার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন শক্তিশালী গণতন্ত্র তৈরি করতে গেলে আগে শক্তিশালী আইনি ব্যবস্থার প্রয়োজন আছে এবং ত্রিপুরাকে সারাদেশে আইন-শৃঙ্খলার দিক থেকে আদর্শ রাজ্য করে তুলে ধরতে সরকারের পক্ষ থেকে রাজ্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেয়া রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
তবে পুলিশকে ভীতি প্রদর্শন না করে মানুষের সাথে মিলে কাজ করার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন উর্দী পড়লেই কেউ পুলিশকে ভয় করে চলতে হবে এই ধারণায় বিশ্বাস করে না রাজ্য সরকার। বরং হাসিমুখে সবার সাথে কথা বলতে পুলিশকর্মীদের আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যক্তিগত কোন সমস্যার জন্য পেশাদারীত্ব যাতে কখনোই কোনো ছাপ না পড়ে, তার ওপরও জোর দিয়েছেন তিনি।
রায়পুরের বৈঠকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্দেশগুলি দিয়েছেন তার প্রায় সত্তর শতাংশ ইতিমধ্যেই রাজ্যে লাগু করা হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিপদ চিহ্নিতকরণ, বহিরাগত প্রভাব, সামাজিক ঐক্য এবং সংহতি কে নষ্ট করার জন্য যে সব অসামাজিক শক্তি কাজ করছেনে, সেগুলোর বিরুদ্ধে সজাগ থাকতে সকলকে আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, রাজস্ব সচিব ব্রিজেস পান্ডে এবং অন্যান্য আধিকারিকরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us