New Update
/indian-express-bangla/media/media_files/2025/12/23/commission-2025-12-23-08-47-18.jpg)
Bangladesh visa service suspended Agartala: আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনের কার্যালয়।
পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতা, সেদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, ভারতবর্ষের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার ওপর হুমকি, উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য অথবা সেভেন সিস্টার্স দখল করে নেবার হুমকি, বাংলদেশে ভারতের দূতাবাসের সামনে হামলা হুজ্জতি ইত্যাদির প্রেক্ষিতে ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে প্রবল প্রতিবাদের ঝড় বয়ে গেছে গত ক'দিন ধরে।
Advertisment
বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ২৭ বছর বয়সি দীপু চন্দ্র দাসের ওপর উশৃংখল জনতার হিংসাত্মক আক্রমণ, গণপিটুনিতে মৃত্যু এবং তারপর তার মৃতদেহ গাছে বেঁধে অগ্নিসংযোগ করা, তাতেও মন না ভরলে অর্ধদগ্ধ দেহটিকে রাস্তায় টেনে নিয়ে আবার আগুন লাগিয়ে দেবার ঘটনার প্রতিবাদে একাধিক প্রতিবাদ সংগঠিত হয়েছে আগরতলাসহ বেশ কিছু জেলায়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে গতকালই বিক্ষোভ প্রদর্শন করেছেন সনাতনী হিন্দু সেনা।
এর মাঝে আজ সন্ধ্যায় ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে সকল প্রকার ভিসা ও কনস্যুলার পরিষেবা কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন- West Bengal Weather: কলকাতা থেকে পাহাড়, সর্বত্র শীতের প্রবল দাপট, বড়দিনের আগে আরও নামবে পারদ?
"সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগামীকাল ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলা তে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে," জানিয়েছেন সহকারী হাই কমিশনের প্রহম সচিব ও দুটালয় প্রধান এস এম একমাস হোসেন।
আরও পড়ুন- Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন
প্রসঙ্গত: তিন দিন আগেই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতে ভারত বাংলাদেশ সীমান্তে ফরোয়ার্ড এলাকায় সৈনিকদের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে গেছেন। ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ এবং আসাম রাইফেলস এর নিরাপত্তা রক্ষীদের কড়া নিরাপত্তা ব্যবস্থার প্রশংসাও করে গেছেন তিনি।
গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে যেকোন ধরনের পরিস্থিতির জন্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন ত্রিপুরা। তিনদিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা ছোট্ট রাজ্য ত্রিপুরা একমাত্র আসাম এবং মিজোরামের মধ্য দিয়ে ভারতীয় মূল ভূখণ্ডের সাথে যুক্ত। বাংলাদেশের সাথে ৮৫৬ কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে ত্রিপুরায়; তার অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও কিছু বিক্ষিপ্ত জায়গায় এখনো স্থানীয় সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব হয়নি।
১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বিশাল সংখ্যক উদ্বাস্তু সাবেক পূর্ব পাকিস্তান থেকে এসে আশ্রয় নিয়েছিল ত্রিপুরায়। তৎকালীন সময়ে মাত্র ১৫ লক্ষ লোকের বসবাস ছিল ত্রিপুরায়, কিন্তু আশ্রয় মিলেছিল ১৬ লক্ষ উদ্বাস্তু শরণার্থীর। যুদ্ধের শেষভাগে বাস্তবত: পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অস্থায়ী কেন্দ্র হয়ে উঠেছিল আগরতলা শহর। মেলাঘর, সিমনা সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির; আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের জন্যে একমাত্র গুরুতর চিকিৎসাকেন্দ্র। এছাড়াও বিভিন্ন ফিল্ড হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন ত্রিপুরার কৃতী সন্তান পদ্মশ্রী স্বর্গীয় ড. রথীন দত্তসহ আরো অনেকে।
ত্রিপুরার সাথে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আত্মিক টান থাকলেও গতবছর আগষ্ট মাসে শেখ হাসিনা নেতৃত্বাধীন সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সীমান্তের দুদিকে সম্পর্কে চিড় ধরে।
বাংলাদেশের ক্ষমতাসীন মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস এর মুখ থেকে সেভেন সিস্টার্সের ল্যান্ডলকড হওয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে বাংলাদেশকেই একমাত্র সমুদ্রের অভিভাবক হিসেবে চিহ্নিত করার মধ্যে হুমকির শুরু শোনা গেছে।
সেদেশের নেতা উসমান হাদির মুখে উত্তরপূর্ব রাজ্যগুলিকে দখল করে নেবার হুমকি থেকে শুরু করে বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এর কন্ঠে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বাংলাদেশ আশ্রয় এবং সাহায্য দেবার কথা শোনা গেছে। এসবের প্রতিবাদে ভারতে, বিশেষ করে ত্রিপুরায়, বিশাল অংশের মানুষের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ ও প্রতিক্রিয়াও দেখা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us