/indian-express-bangla/media/media_files/2025/12/28/abhishek-banerjee-2025-12-28-09-24-45.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নতুন বছরের শুরুতেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই নতুন স্লোগান সামনে রেখে মাঠে নামল শাসক দল। ‘যতই কর হামলা, আবার জিতবে বাংলা’, এই স্লোগানকে সামনে রেখেই নির্বাচনী লড়াই শুরু করল তৃণমূল কংগ্রেস।
শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হচ্ছে। বছরের শুরুতেই এই জনসভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা লাগোয়া এই জেলা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উল্লেখযোগ্যভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও এই জেলার সাংসদ হওয়ায় বারুইপুরের সভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজনৈতিক মানচিত্রে তৃণমূলের দাপট বরাবরই চোখে পড়ার মতো। ভাঙর বিধানসভা কেন্দ্র বাদ দিলে জেলার প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন। ফলে এই জেলার মাটি থেকেই নির্বাচনী প্রচারের সুর বেঁধে দিতে চাইছে দলীয় নেতৃত্ব। দলের অন্দরে খবর, আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল, সাংগঠনিক শক্তি বাড়ানো এবং বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
আজকের এই জনসভায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক জমায়েত হওয়ার কথা। সকাল থেকেই বারুইপুর ও আশপাশের এলাকায় দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে সেজে উঠেছে সভাস্থল। সভা ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, পদ্মাপাড়ে তুঙ্গে উত্তেজনা
নতুন বছরের শুরুতে এই জনসভা থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর। বিশেষ করে বিরোধীদের বিরুদ্ধে কী ভাষায় আক্রমণ শানানো হয় এবং আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কী দিশা দেখান তিনি, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বারুইপুরের মাটি থেকে দেওয়া অভিষেকের বার্তাই যে আগামী দিনে তৃণমূলের নির্বাচনী প্রচারের সুর বেঁধে দেবে, তা বলাই বাহুল্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us