/indian-express-bangla/media/media_files/2026/01/18/modi-abhi-2026-01-18-17-49-46.jpg)
PM Narendra Modi & Abhishek Banerjee: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Paltao Dorkar Slogan: রবিবার হুগলির সিঙ্গুরের সভা থেকে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্লোগান তুলেছিলেন, ‘‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’’। বিকেলেই নদিয়ার রোড শো থেকে সেই স্লোগানের কড়া জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা দিয়ে অভিষেকের তোপ, মোদী আসলে বাংলার মানুষকে ‘শাস্তি’ দিয়ে বশ্যতা স্বীকার করাতে চাইছেন। কিন্তু বাংলা দিল্লির ‘জল্লাদ’ বা গুজরাটের ‘জমিদারদের’ কাছে মাথা নত করবে না।
এদিন নদিয়ায় জনসংযোগ যাত্রায় বেরিয়ে অভিষেক সরাসরি প্রধানমন্ত্রীর ‘পালটানো’র তত্ত্বকে আক্রমণ করেন। তিনি বলেন, "বাংলার মানুষ পাল্টায়নি মোদীজি। তার কারণ, আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। ১০০ দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা বশ্যতা স্বীকার করুক। কিন্তু বাংলার মানুষ পাল্টাবে না।"
আমিও বলছি পরিবর্তন দরকার
বিজেপির রাজনৈতিক অবস্থান বদল নিয়েও এদিন তীব্র কটাক্ষ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর দাবি, পরিবর্তন বাংলার মানুষের দরকার নেই, বরং পরিবর্তন হয়েছে বিজেপিরই। অভিষেক বলেন, "আমিও বলছি পরিবর্তন দরকার। কিন্তু পরিবর্তন হবে আপনাদের। যারা আগে ‘জয় শ্রীরাম’ বলে সভা শুরু করত, এখন ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’ বলে সভা শুরু করে। পাল্টেছেন তো আপনারা।" বিগত কয়েক দিন ধরে অভিষেক রাজ্যজুড়ে জনসভা ও রোড শো করছেন (Abhishek Banerjee Roadshow)। সোমবার কর্মসূচি রয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাতে।
বিজেপির নেতারা পাল্টাবে
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়ে তৃণমূল নেতার হুঁশিয়ারি, বাংলা ঈশ্বর বা আল্লাহর কাছে মাথা নত করে, কিন্তু দিল্লির প্রভুদের কাছে নয়। তাঁর কথায়, "আমরা বহিরাগতদের সামনে মাথা নত করব না। দিল্লির জল্লাদদের কাছে নয়। পাল্টালে বিজেপির নেতারা পাল্টাবে, গুজরাটের জমিদাররা পাল্টাবে। আমরা পাল্টাব না।" আগামী দিনে দিল্লির গদি চূর্ণ-বিচূর্ণ করে বিজেপির ঔদ্ধত্য ও অহঙ্কার ভাঙার ডাকও দেন তিনি।
একই দিনে মোদী ও অভিষেকের এই বাদানুবাদে ছাব্বিশের লোকসভা নির্বাচনের আগে ও ছাব্বিশের পরবর্তী পরিস্থিতিতে রাজ্য রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us