/indian-express-bangla/media/media_files/mbakHWvxPyqb5sIdL5gN.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়। Photograph: (dd)
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে তৃণমূলের ১০ জন সাংসদের একটি প্রতিনিধি দল বুধবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন অভিষেক।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগেও আমরা ১০-১২টি প্রশ্ন নিয়ে কমিশনের কাছে এসেছিলাম। এবারও ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টি তুলেছি। একাধিক অসঙ্গতি দেখানো হয়েছে, নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। কমিশন কোনও স্পষ্ট উত্তর না দিয়ে প্রযুক্তিগত ত্রুটির কথা বলছে। অসুস্থ ও প্রবীণদের দুই থেকে তিন ঘণ্টা বসিয়ে রাখা হচ্ছে।”
আরও পড়ুন- Dilip Ghosh: ৬ মাস পর বিজেপির ‘শাহী বৈঠক’-এ দিলীপ ঘোষ! বিধানসভা ভোটের আগে বড় বার্তা?
তিনি আরও বলেন, “আমরা দাবি করেছিলাম আশি ঊর্ধ্ব ও অসুস্থ ভোটারদের ছাড় দেওয়া হোক। বিজেপি বারবার বলছে, পশ্চিমবঙ্গে এক কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে। অথচ খসড়া তালিকায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি, এদের মধ্যে কতজন রোহিঙ্গা ও কতজন বাংলাদেশি, কিন্তু কোনও স্পষ্ট উত্তর মেলেনি।”
আরও পড়ুন- হুমকির আতঙ্কে ভেঙে পড়লেন নিহত তামান্নার মা, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা
অভিষেকের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হওয়ার পর থেকেই বাংলাকে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, “ষাটোর্ধ্ব যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের ছাড় দেওয়ার দাবি জানিয়েছি। কমিশন বলেছে বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু নির্দিষ্ট করে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, তার কোনও জবাব মেলেনি।”
এদিন তিনি আরও বলেন, “অনেক রাজ্যে SIR চলছে, অথচ পশ্চিমবঙ্গেই সবচেয়ে কম ভোটার ডিলিট হয়েছে। কেউ অন্য রাজ্যে পড়াশোনা করতে পারেন, তাতেই কি তাঁর নাম বাদ যাবে? আড়াই ঘণ্টার বৈঠকে দশটি বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু দু’-তিনটি ছাড়া কোনও প্রশ্নেরই স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।”
আরও পড়ুন-PAN Aadhaar link: আজই শেষ সুযোগ! প্যান–আধার লিঙ্ক না করলে কাল থেকেই কী দুর্ভোগে পড়বেন জানেন?
লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এখনও প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, “অসুস্থ ও বয়স্ক ভোটারদের শুনানিতে ডেকে হেনস্তা করা হচ্ছে। পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকলে শুনানি কেন? সফটওয়্যার ব্যবহার করে কীভাবে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে? বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।”
ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডেকে হয়রানির অভিযোগও করেন অভিষেক। তিনি বলেন, “BLA-2 কেন শুনানিতে থাকতে পারবে না, তা নিয়ে কমিশন কোনও সার্কুলার দিতে চায়নি। হোয়াটসঅ্যাপ নির্দেশিকায় কি নির্বাচন কমিশন চলছে? লিখিত নোটিশ না থাকলে আদালতে চ্যালেঞ্জ জানানো হবে।”
মুখ্য নির্বাচন কমিশনারের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “বৈঠকে আমার দিকে আঙুল তুলে কথা বলা হয়েছে। এতে স্পষ্ট, বাংলাকে ছোট করার মানসিকতা কাজ করছে। কমিশনকে কেউ নির্দেশ দিচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আড়াই ঘণ্টার বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। তাহলে সবাই বুঝতে পারবে কী হয়েছে। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। ভোট চুরি হচ্ছে ইভিএমে নয়, ভোটার তালিকায়। চুরি না হলে ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করুক কমিশন।”
বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল নেতার দাবি, পশ্চিমবঙ্গে ফের বিজেপি পরাজিত হবে এবং তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us