/indian-express-bangla/media/media_files/2026/01/08/abhishek-2026-01-08-17-25-41.jpg)
Abhishek Banerjee: মালদার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে মালদা সফরে এসে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে একের পর এক নির্যাতনের অভিযোগ শোনেন তিনি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক।
এদিন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা এলাকার একটি খেলার মাঠে ‘আবার জিতবে পরিযায়ী শ্রমিক’ শীর্ষক একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় জেলার প্রায় তিন হাজার পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মঞ্চে মোট নয়জন অত্যাচারিত পরিযায়ী শ্রমিককে সামনে বসিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা শোনেন তৃণমূল সাংসদ।
মঞ্চে বক্তব্যের শুরু থেকেই বিজেপি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন অভিষেক। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, জেল হেফাজতে নির্যাতন ও হত্যার ঘটনাকে সামনে এনে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কালিয়াচকের বাসিন্দা আমির শেখের ঘটনাও তুলে ধরা হয়, যাঁকে ‘পুশব্যাক’ করে বাংলাদেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন-IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED
সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মালদা ও মুর্শিদাবাদের মানুষকে বোকা ভাবা ঠিক নয়। পরিযায়ী শ্রমিক ইস্যুতে বিজেপি ও কংগ্রেস রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে কংগ্রেস নেতাদের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন অভিষেক।
প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সাংসদ ঘোষণা করেন, আগামী ১৭ জানুয়ারি মালদায় যে মাঠে প্রধানমন্ত্রী সভা করবেন, ফেব্রুয়ারিতে সেই একই মাঠে পাল্টা সভা করবেন তিনি। পাশাপাশি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, অধীর চৌধুরী ও ইসা খানের নাম করে বিরোধীদের নিশানা করেন।
আরও পড়ুন-“পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না”, I-PAC দফতরে ED হানায় রেগে অগ্নিশর্মা মমতা!
সভায় রাজস্থানে নিহত কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আফজুলের স্ত্রী ও নাবালক সন্তানও উপস্থিত ছিলেন। তাঁদের অসহায়তার কথাও মঞ্চে তুলে ধরা হয়। এছাড়াও চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী কান্নায় ভেঙে পড়লে, তাঁর নাবালক সন্তানের ভবিষ্যৎ পড়াশোনা ও চাকরির দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক ঘোষণা করেন, মালদার পরিযায়ী শ্রমিকদের জন্য আইনি সহায়তা পেতে একটি বিশেষ মোবাইল নম্বর ও অ্যাপ চালু করা হবে। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করলেই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার দ্রুত সমাধান মিলবে বলে জানান তিনি। বর্তমানে রাজ্যে প্রায় সাড়ে ছয় লক্ষ পরিযায়ী শ্রমিক সরকারিভাবে নথিভুক্ত রয়েছেন বলেও জানান সাংসদ।
সবশেষে কয়েকজন পরিযায়ী শ্রমিকের লিখিত অভিযোগের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অত্যাচারিত শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us